আইপিএল ২০২৬-এর আগে সবচেয়ে আলোচিত প্রশ্ন—KKR-এর নতুন অধিনায়ক কে? রিটেনশন তালিকা প্রকাশ হতেই বেড়ে গেল সেই কৌতূহল। কারণ, নাইটরা মোট ১০ জন প্লেয়ারকে একসঙ্গে রিলিজ করেছে, যার মধ্যে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার ও আন্দ্রে রাসেলের মতো বড় নাম। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, নতুন মরশুমে সম্পূর্ণ বদলে যাওয়া এক দল নিয়ে নামতে চায় কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাদের হাতে থাকবে ৬৪ কোটিরও বেশি বাজেট, যা নতুন অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
গত মরশুমে হতাশজনক পারফরম্যান্সের পর KKR ম্যানেজমেন্ট এবার আগাম প্রস্তুতিতে অনেক বেশি সতর্ক। শুধু দল গোছানো নয়, নেতৃত্বেও বদলের সম্ভাবনা জোরালো। আগের মরশুমে কেবল ২ কোটি টাকায় কেনা অজিঙ্কে রাহানেকে অধিনায়ক করা হলেও মাঠে তাঁর সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল। কৌশলগত ভুল, মাঝপথে সিদ্ধান্তহীনতা ও বোলারদের সঠিক ব্যবহার না করতে পারায় দল তলানিতে ঠেকেছিল। যদিও ব্যাট হাতে রাহানে নিজের কাজ করেছিলেন নিখুঁতভাবে।
KKR-এর নতুন অধিনায়ক কে? নিলামের আগেই বড় চমক দিতে পারে নাইটরা
নতুন মরশুমে নিলাম থেকে কোনও বড় নাম না এলে, সামনে উঠে আসছে রিঙ্কু সিং-এর নাম। কেকেআরের হয়ে গত কয়েকটি মরশুমে তিনি ধারাবাহিকভাবে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। শুধু ব্যাটিং নয়, তাঁর ফিল্ডিং, শরীরী ভাষা, সতীর্থদের সঙ্গে সম্পর্ক—সব মিলিয়ে তাঁকে অধিনায়ক হিসেবে ভীষণই আকর্ষণীয় পছন্দ করে তুলেছে।
রঞ্জি ট্রফিতেও বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন রিঙ্কু। অন্ধ্রের বিরুদ্ধে ১৬৫ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে ১৭৬ রানের মারকাটারি ইনিংস খেলে তাঁর আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেবার মানসিকতা আরও স্পষ্ট করেছেন। KKR-এর নতুন অধিনায়ক নিয়ে জল্পনাকে আরও তীব্র করেছে তাঁর এই উজ্জ্বল পারফরম্যান্স।

তবে রিঙ্কুর পাশাপাশি রাহানেকেও এখনও সম্ভাব্য অধিনায়ক হিসেবে দেখছে শিবির। কারণ, নাইটরা তাঁকে রিটেন করেছে। বহু বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা এবং টেম্পারামেন্ট—রাহানেকে এখনও শক্তিশালী বিকল্প করে রাখে।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন—নিলামে কোনও বিশ্বমানের নেতা-ক্লাস প্লেয়ারকে কিনে নেয় কি না KKR! সেক্ষেত্রে নতুন কোনও তারকা চমক হয়ে আসতেই পারেন। নিলামের আগে তাই অধিনায়ক ঘোষণার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, ক্রিকেট মহল নিশ্চিত—এইবার বড় পরিবর্তন আসছে নাইট শিবিরে। কেকেআরের নতুন মরশুম এক নতুন নেতৃত্বেই শুরু হতে পারে।







