জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে চার জওয়ানের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ডিউটি পরিবর্তনের সময় বচসার পরেই ঘটনাটি ঘটে বলে CISF সূত্রে জানা গিয়েছে। ঘটনায় অভিযুক্ত হেড কনস্টেবল অবধেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
সূত্রের দাবি, ডিউটি পরিবর্তনকে কেন্দ্র করে অবধেশ সিংয়ের সঙ্গে কয়েকজন CISF জওয়ানের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি বচসার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, একসময় নিজের রাইফেল নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন অবধেশ সিং। গুলিতে চার জওয়ান গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সকলের মৃত্যু হয়।
নিহত চার CISF কর্মীর মধ্যে রয়েছেন সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল সঞ্জীব কুমার এবং কনস্টেবল মহম্মদ রফিক।
ঘটনার পর কাঠুয়া CISF ক্যাম্পে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কী কারণে ডিউটি পরিবর্তনের সময় বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর পেছনে সুনির্দিষ্ট কারণও তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঘটনার পর CISF সদর দপ্তরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করছেন CISF ডিরেক্টর জেনারেল।
এই ঘটনায় অভিযুক্ত হেড কনস্টেবলকে গ্রেপ্তার করার কথা জানা গেলেও, ঠিক কী পরিস্থিতিতে তিনি অস্ত্র ব্যবহার করেছিলেন এবং ঘটনার আগে ক্যাম্পে কী হয়েছিল, তদন্তেই তার বিস্তারিত তথ্য সামনে আসবে।



