ধারাবাহিকের সেট জুড়ে এখন অস্বস্তিকর নীরবতা। জীতু কমল ও দিতিপ্রিয়া রায়কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পর জীতুর বদলে রণজয় আসতে পারেন এমন জোর গুঞ্জনেই আরও চাপা উত্তেজনা বেড়েছে। সোমবারের বৈঠকের পর টানা ২৪ ঘণ্টা কেটে গেলেও প্রযোজনা সংস্থা বা চ্যানেলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে—নায়ক হিসাবে হয়তো আর দেখা যাবে না জীতুকে। জায়গা নিতে পারেন রণজয় বিষ্ণু।
স্টুডিয়োর পরিবেশ এখন একেবারে থমথমে। ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রয়োজনীয় কাজ ছাড়া কেউই খুব বেশি কথা বলছেন না। সবাই পেশাদারিত্ব বজায় রেখে নিজের নিজের কাজ করে যাচ্ছেন ঠিকই, কিন্তু আলোচনার কেন্দ্রে রয়েছে জীতুর ভবিষ্যৎ। সোমবার দিতিপ্রিয়া নির্দিষ্ট সময়েই স্টুডিয়োতে পৌঁছে শট দিয়ে বেরিয়ে যান। কোনও অনাকাঙ্ক্ষিত আলোচনা বা তর্ক এড়াতে তিনি নাকি ইচ্ছাকৃতভাবেই নীরব থেকেছেন।
ইতিমধ্যেই শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থার তরফে রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আলোচনার পরও বিষয়টি চূড়ান্ত হয়নি। কারণ, মাঝপথে কোনও অভিনেতা ধারাবাহিক ছাড়লে তাঁকে নিয়মিতভাবে একটি ‘অনাপত্তিপত্র’ বা NOC জমা দিতে হয়। কিন্তু অন্দরের খবর—জীতু এখনও সেই NOC জমা দেননি।
নায়ক বদল হচ্ছে ধারাবাহিকে! জীতুর বদলে রণজয়?
এই NOC জমা না দিলে নতুন নায়ক প্রবেশ করা প্রায় অসম্ভব। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক শুরুর পর থেকে জীতুর সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নাকি কোনও উত্তর দিচ্ছেন না, যার ফলে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ দ্বিধায় পড়েছে।
ধারাবাহিকের চলতি গল্পেও তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব। এখন দেখানো হচ্ছে আর্য সিংহ রায় হাসপাতালে ভর্তি। অপর্ণা বারবার হাসপাতালে আসছে, উদ্বিগ্ন হয়ে দেখছে তার স্বামীকে। এই গুরুত্বপূর্ণ মোড়ে হঠাৎই যদি জীতুর বদলে রণজয় হাজির হন, তা হলে গল্পের দিশা বদলে যাবে কি না, তা নিয়েও অন্দরমহলে প্রশ্ন উঠেছে।

স্টুডিয়ো সূত্রের দাবি, সবাই এখন অপেক্ষায়—কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কারণ পরিস্থিতি লম্বা হলে শুটিং শিডিউলেও বড়সড় সমস্যা তৈরি হতে পারে। অভিনেতাদের ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি চ্যানেলের সম্প্রচার সূচিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই প্রযোজকদের লক্ষ্য দ্রুত সমস্যার সমাধান করা।
তবে শিল্পী মহলে আলোচনা—যে ভাবে ঘটনাগুলি এগোচ্ছে, তাতে জীতুকে ফেরানো কঠিন হতে পারে। আর তিনি যদি সত্যিই NOC জমা দিতে দেরি করেন, তা হলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে চ্যানেলের উপরে চাপ আরও বাড়বে।
সর্বোপরি, পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে—জীতু ফিরবেন কি, নাকি সত্যিই পর্দায় নতুন নায়ক হিসেবে রণজয়কে দেখা যাবে?







