জানুয়ারিতেই টানা ১৬ দিন ব্যাঙ্কে তালা! জরুরি লেনদেনের আগে দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা

জানুয়ারি ২০২৬-এ রাজ্যভেদে ১৬ দিন পর্যন্ত ব্যাঙ্ক ছুটি—লেনদেনের আগে দেখে নিন আরবিআইয়ের সম্পূর্ণ হলিডে লিস্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। জানুয়ারি ২০২৬ মাসে দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে Reserve Bank of India (RBI)। আরবিআইয়ের ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারিতে বিভিন্ন রাজ্যে মিলিয়ে সর্বাধিক ১৬ দিন পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। ফলে বড় অঙ্কের লেনদেন, চেক ক্লিয়ারেন্স বা শাখা-নির্ভর পরিষেবার পরিকল্পনা না করলে শেষ মুহূর্তে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।

তবে মনে রাখা জরুরি—দেশের সব রাজ্যে একসঙ্গে টানা ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এমন নয়। রাজ্যভেদে স্থানীয় উৎসব, আঞ্চলিক দিবস এবং বিশেষ উপলক্ষের কারণে ছুটির তালিকা আলাদা। এর সঙ্গে যোগ হচ্ছে প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি। এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেই এই ছুটির নিয়ম প্রযোজ্য।

আরবিআইয়ের ঘোষিত তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি নিউ ইয়ার্স ডে উপলক্ষে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশন ও মান্নাম জয়ন্তীর কারণে মিজোরাম ও কেরালায় ছুটি। ৩ জানুয়ারি হজরত আলির জন্মদিন উপলক্ষে উত্তরপ্রদেশে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

মধ্য জানুয়ারিতে ছুটির চাপ আরও বাড়বে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে গুজরাট, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অসমে ছুটি। পরদিন ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির কারণে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

দক্ষিণ ভারতে জানুয়ারির দ্বিতীয়ার্ধেও একাধিক ছুটি রয়েছে। ১৬ জানুয়ারি থিরুভাল্লুভার দিবস এবং ১৭ জানুয়ারি উঝাভার থিরুনাল উপলক্ষে তামিলনাড়ুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সরস্বতী পুজো (শ্রী পঞ্চমী), বীর সুরেন্দ্রসাই জয়ন্তী ও বসন্ত পঞ্চমীর কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ত্রিপুরায় ব্যাঙ্কে কাজকর্ম হবে না। মাসের শেষে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এছাড়াও সাপ্তাহিক ছুটির তালিকায় রয়েছে ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি (রবিবার) এবং ১০ জানুয়ারি (দ্বিতীয় শনিবার)২৪ জানুয়ারি (চতুর্থ শনিবার)। ফলে জানুয়ারিতে শাখা-নির্ভর পরিষেবার দিন কার্যত কমে যাচ্ছে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শ, জানুয়ারিতে চেক জমা, বড় লেনদেন, কেওয়াইসি আপডেট বা শাখা-ভিত্তিক যে কোনও কাজ থাকলে আগেভাগেই ছুটির তালিকা দেখে পরিকল্পনা করে নেওয়া শ্রেয়। ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকলেও গুরুত্বপূর্ণ কাজে দেরি এড়াতে প্রস্তুতি জরুরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন