এক দিনের বিশ্বকাপ জয়ের পর মাঠে নামলেই বাড়তি নজর থাকে ভারতীয় মহিলা দলের দিকে। সেই প্রত্যাশার চাপ নিয়েই বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল ভারত। কিন্তু চাপ নয়, ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসের ঝলক দেখালেন হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলতে পারল মাত্র ১২১ রান, আর জবাবে ৩২ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।
বিশ্বকাপের পর এই ম্যাচে আলাদা করে নজর ছিল স্মৃতি মন্ধানা-র দিকে। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে মাঠে নামলেও ব্যাট হাতে ছন্দে ধরা দিলেন না ভারতের সহ-অধিনায়ক। ২৫ বলে ২৫ রান করে ফেরেন তিনি। তবে তাঁর অফ-ডে ঢেকে দিলেন জেমাইমা রদ্রিগেজ়। অনবদ্য অর্ধশতরানে দলকে অনায়াস জয় এনে দিলেন জেমাইমা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত মহিলা ক্রিকেট দল।
ম্যাচ শুরুর আগেই ক্যামেরার ফোকাস ছিল মন্ধানার উপর। অনুশীলনে মনোযোগী, সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা— সবই ছিল। কিন্তু ম্যাচ শুরু হতেই ধরা পড়ল অস্বস্তি। ফিল্ডিংয়ের সময় একটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি, বল হাত ছুঁয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ক্যাচ মিসও করেন। মাঠে তাঁকে দেখে মনে হচ্ছিল, মনোযোগ পুরোপুরি ক্রিকেটে আটকে রাখা কঠিন হয়ে পড়ছে।
ব্যাট হাতে নামার পরও সমস্যায় পড়েন মন্ধানা। শুরুতে টাইমিং মিলছিল না। কয়েকটি বল ব্যাটের কানায় লেগে বিপজ্জনক জায়গায় যায়। যে বল চোখ বন্ধ করে অফ সাইডে খেলতে চেয়েছিলেন, সেটাই প্রায় সরাসরি ফিল্ডারের হাতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। যদিও চামারি আটাপাট্টু-র এক ওভারে দু’টি চার মারেন তিনি। তাতেই স্ট্রাইক রেট কিছুটা বাড়ে। কিন্তু তা সত্ত্বেও তিনটি চার মারলেও স্ট্রাইক রেট ১০০ ছাড়াতে পারেননি।
শেষ পর্যন্ত ইনোকা রণবীরার বলে কভারের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন মন্ধানা। ক্যাচটি নেন নীলাক্ষী ডি’সিলভা। মন্ধানার বিদায়ে ম্যাচে কোনও প্রভাব পড়েনি, কারণ অন্য প্রান্তে তখন ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিয়েছেন জেমাইমা।
শ্রীলঙ্কার ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিংয়ে কোনও তাড়াহুড়ো ছিল না। উইকেট পড়লেও চাপ বাড়েনি। শান্ত মাথায় ইনিংস গড়ে তোলেন জেমাইমা। তাঁর ব্যাট থেকে আসা অর্ধশতরান ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। মাঝের ওভারে ঝুঁকি না নিয়ে স্ট্রাইক রোটেট করা এবং সুযোগ পেলেই বাউন্ডারি— নিখুঁত টি-টোয়েন্টি ব্যাটিংয়ের উদাহরণ দেন তিনি।
এর আগে ভারতের বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান তুলতে পারে তারা। নিয়মিত উইকেট পড়ায় বড় স্কোর গড়ার সুযোগ পায়নি সফরকারী দল।
সব মিলিয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচেই বার্তা স্পষ্ট— ভারতের মহিলা দল এখনও আত্মবিশ্বাসের শিখরে। মন্ধানা ছন্দে না থাকলেও দল নির্ভর করছে একাধিক ম্যাচ-উইনারের উপর। আর সেই শক্তিতেই বিশাখাপত্তনমে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের শুরুটা হাসতে হাসতেই করল হরমনপ্রীত কৌরের ভারত।



