টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠতেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য এল বড় সুখবর। ইডেন গার্ডেন্সে নিশ্চিত হল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ। কয়েকদিন আগেই এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তখনও দুই দলের কেউ সুপার এইটে ওঠেনি, কিন্তু শেষ পর্যন্ত মিলল তাঁর সেই ভবিষ্যদ্বাণী।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানের জয়ের পর গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে জায়গা পাকা করে নেয় ভারত। অন্যদিকে, C গ্রুপে টানা তিন ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সুপার এইটে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ফলে আইসিসি-র নির্ধারিত নিয়ম অনুযায়ী একই গ্রুপে পড়েছে দুই দল।
সেই সূত্রেই সুপার এইট পর্বে ১ মার্চ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। চলতি বিশ্বকাপে এই প্রথমবার ইডেনে নামবে ভারতীয় দল। ফলে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে কলকাতার ক্রিকেটমহলে।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের সম্ভাব্য আটটি দলকে আগে থেকেই সুপার এইটের X ও Y—এই দুই গ্রুপে ভাগ করে রাখা হয়েছে। সেই তালিকা অনুযায়ী X গ্রুপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের থাকা নিশ্চিত। বাকি দুই জায়গায় সম্ভাব্য দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত হলেও অস্ট্রেলিয়ার জায়গা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।



