সেমিফাইনালে ঝুঁকি নয়, ‘নিরাপদ’ একাদশেই ভরসা! ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি বদলের ভাবনা গম্ভীরের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় পরিবর্তনের পথে হাঁটছে না ভারত। পিচ অনুযায়ী শুধু বোলিং আক্রমণে একটি বদল করতে পারেন কোচ গৌতম গম্ভীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল দরজায় কড়া নাড়ছে। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। সূত্রের খবর, বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার আগে প্রথম একাদশে বড়সড় রদবদলের পথে হাঁটছে না টিম ম্যানেজমেন্ট। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে যে দল খেলেছিল, মূলত সেই দলকেই মাঠে নামাতে চাইছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে পিচ ও পরিস্থিতি বিচার করে বোলিং বিভাগে একটি পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

তবে ভারতীয় শিবিরে সামান্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস খেললেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আবার ব্যর্থ হন তিনি। সেমিফাইনালের মতো বড় ম্যাচে তাঁকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও দলীয় সূত্রে ইঙ্গিত—অভিষেককে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস শুরু করার দায়িত্বে থাকবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলে সঞ্জু কার্যত নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই উঠছে না।

তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে ঈশান কিশনকে। নিয়মিত বড় রান না পেলেও তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ। চার নম্বরে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে থাকবেন তিলক বর্মা, যিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কার্যকর ইনিংস খেলেছিলেন এবং প্রয়োজনে অফস্পিনও করতে পারেন।

মিডল অর্ডারে তিন অলরাউন্ডারের উপরই ভরসা রাখছে ভারতীয় দল। ছয় নম্বরে হার্দিক পাণ্ড্য প্রায় নিশ্চিত। সাত নম্বরে থাকবেন শিবম দুবে, যিনি শেষের দিকে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন এবং ওয়াংখেড়ের পিচ তাঁর বেশ চেনা। আট নম্বরে খেলবেন সহ-অধিনায়ক অক্ষর পটেল।

বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর জায়গা প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে অর্শদীপ সিংহের নামই এগিয়ে। তবে পিচ যদি স্পিন সহায়ক হয়, সে ক্ষেত্রে শেষ মুহূর্তে দলে ঢুকে পড়তে পারেন কুলদীপ যাদব।

সব মিলিয়ে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে নারাজ ভারতীয় দল। ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে স্থিতিশীল ও ‘নিরাপদ’ একাদশ নিয়েই মাঠে নামতে চাইছেন গৌতম গম্ভীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর