বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দলের অধিনায়কত্ব সামলাবেন সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। টি২০ বিশ্বকাপ কিংবা শ্রীলঙ্কা সফরে দেখা যায়নি যে সব তরুণ ক্রিকেটারদের, এবার তাদেরকে নিয়েই দল গঠন করলো বিসিসিআই।
আইপিএলে ঝলমল পারফরম্যান্সের জোরে টিমে ঠাঁই পেলেন ময়ঙ্ক যাদব-সহ তিন ক্রিকেটার। প্রত্যাবর্তন ঘটালেন বরুণ চক্রবর্তী। হতাশার অধ্যায় মিটল না কিপার ব্যাটার ঈশান কিষাণের। টেস্টে টানা ক্রীড়াসূচির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। কানপুর টেস্টের পর আরও আটটি টেস্ট খেলবে ভারত।


সে কারণেই টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে, এমনটাই মনে করা হয়েছিল। তেমনই হল। তাতেও স্কোয়াডে জায়গা হল না ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের। সঞ্জু স্যামসনের সঙ্গে দ্বিতীয় কিপার ব্য়াটার হিসেবে জীতেশ শর্মার উপরই ভরসা রাখছে বোর্ড।
এক নজরে দেখে নিন পুরো দল। টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।








