যুবভারতীতে লিওনেল মেসির নাম জড়ানো প্রদর্শনী ম্যাচের রেশ এখনও কাটেনি। ১৩ ডিসেম্বরের সেই ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার জেরে এবার কঠোর পদক্ষেপ নিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। মোহনবাগান মেসি অলস্টার ও ডায়মন্ড হারবার মেসি অল স্টারের ম্যাচ পরিচালনা করা চার রেফারিকেই নির্বাসিত করল Indian Football Association (আইএফএ)। একই সঙ্গে শাস্তির মুখে পড়েছেন ম্যাচ কমিশনারও।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা Lionel Messi। সেই উপলক্ষে যুবভারতীতে আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনী ম্যাচ। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর। অভিযোগ ওঠে, রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এবং রেফারিজ অ্যাসোসিয়েশন (CRA)-এর অনুমতি না নিয়েই তাঁরা ওই ম্যাচে দায়িত্ব পালন করেন।
এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার চার রেফারিকেই তলব করা হয়। নীলরতন সরকার ছাড়া বাকি তিনজন সেদিন হাজিরা দেন এবং শুনানিতে দোষ স্বীকার করেন বলে সূত্রের খবর। বুধবার নীলরতন সরকার ও ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীর বক্তব্য শোনার পর আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
কী শাস্তি দেওয়া হল?
-
প্রধান রেফারি রোহন দাশগুপ্ত — ১ বছরের নির্বাসন
-
সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার ও দেবব্রত নস্কর — ৬ মাসের নির্বাসন
-
ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী — ৬ মাসের নির্বাসন
আইএফএ সচিব Anirban Dutta জানান, নির্বাসন চলাকালীন আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গেই তাঁরা যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও জানানো হবে।
এখানেই শেষ নয়। আইএফএ সূত্রে জানা গিয়েছে, ওই ম্যাচে রেফারিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রাক্তন ফুটবলার তথা ডালহৌসির কোচ Supriyo Dasgupta। গত কলকাতা লিগে ডালহৌসির কোচ ছিলেন তিনি। এই কারণেই তাঁকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব।
সব মিলিয়ে, মেসির নাম জড়ানো সেই প্রদর্শনী ম্যাচ এখন শুধুই স্মরণীয় ইভেন্ট নয়—বরং শৃঙ্খলাভঙ্গের উদাহরণ হিসেবেও বঙ্গ ফুটবলের ইতিহাসে চর্চার কেন্দ্রে।



