টানা দুই সপ্তাহ আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল নিম্নমুখী। তবে এই সপ্তাহে হলুদ ধাতুর মূল্যে সাপ্তাহিক লাভ দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহের শেষে স্পট গোল্ডের দাম ছিল ২০৩৫ মার্কিন ডলার প্রতি আউন্স।

আরও পড়ুন : সন্দেশখালি যাওয়ার পথে বাধাপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, আজও যাচ্ছেন সুজিত ও পার্থ
এই সপ্তাহের গোড়ায় স্পট গোল্ডের মূল্য দুই মাসের সর্বনিম্ন ১৯৯২ মার্কিন ডলার প্রতি আউন্সে চলে গিয়েছিল। সেখান থেকে ধাতুটির দর প্রায় ২.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ, শনিবার দেশের খুচরা বাজারে সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পেয়েছে।

এদিন ২৪ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ২২০ টাকা বেড়ে হয়েছে ৬২৯৫০ টাকা। এদিকে ২২ ক্যারেট হলুদ ধাতুর মূল্য ২০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৭৭০০ টাকা। অন্যদিকে, রুপোর প্রতি কিলোগ্রামের দাম ৪০০ টাকা ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে ৭৪৯০০ টাকায়। কলকাতায় পাকা সোনার মূল্য হয়েছে ৬২৯৫০ টাকা। গয়নার সোনার মূল্য হয়েছে ৫৭৭০০ টাকা। ১৮ ক্যারেট সোনার মূল্য হয়েছে ৪৭২১০ টাকা।

কলকাতায় প্রতি কিলোগ্রাম রুপোর দাম ছিল ৭৪৯০০ টাকা। প্রসঙ্গত, সম্প্রতি গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে পতন দেখা গিয়েছে। এই সপ্তাহে বিশ্বের বৃহত্তম গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড SPDR Gold Trust অক্টোবরের পর সবচেয়ে বেশি বিক্রির সম্মুখীন হয়েছিল।



