আমেরিকা-চিন খুব কাছাকাছি, ফৌজিশক্তিতে বিশ্বমঞ্চে ভারত কোন স্থানে? পাকিস্তানের হাল জানেন?

গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্সে আমেরিকা এক নম্বরে, চিন ঘাড়ের কাছে। ভারত চতুর্থ স্থানে শক্ত অবস্থানে, প্রথম দশে জায়গা হারাল পাকিস্তান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যুদ্ধবিমান থেকে ড্রোন, পরমাণু অস্ত্র থেকে সমুদ্রের দখল—বিশ্বজুড়ে নতুন করে শক্তি প্রদর্শনের লড়াই তুঙ্গে। এক বছরে একাধিক দেশ সরাসরি সামরিক অভিযান চালিয়ে বুঝিয়ে দিয়েছে, কূটনীতি নয়—শেষ কথা বলছে ফৌজ। এই আবহেই প্রকাশিত হল বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তির তুলনামূলক রিপোর্ট। প্রশ্ন একটাই—আমেরিকার আধিপত্য কি চ্যালেঞ্জের মুখে? পাকিস্তানই বা কেন প্রথম দশের বাইরে? আর এই সমীকরণে ভারতের অবস্থান ঠিক কোথায়?

বিশ্বের সামরিক শক্তির বার্ষিক তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা Global Firepower Index। সেনাসংখ্যা, সমরাস্ত্র, প্রতিরক্ষা বাজেট, প্রযুক্তি, ভৌগোলিক কৌশলগত অবস্থান—মোট ৬০টি সূচক বিচার করে তৈরি হয়েছে এই র‍্যাঙ্কিং।

🔴 প্রথম তিনে কারা?

২০২৫ সালের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে United States। দ্বিতীয় স্থানে রয়েছে Russia এবং তৃতীয় স্থানে China। পয়েন্টের নিরিখে রাশিয়া ও চিন প্রায় সমানে-সমান—ফলে আমেরিকার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বেজিং। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ‘পিপলস লিবারেশন আর্মি’ যে কোনও সময় পেন্টাগনের সমকক্ষ হয়ে উঠতে পারে।

 ভারতের অবস্থান কোথায়?

এই তালিকায় India রয়েছে চতুর্থ স্থানে। ভারতের প্রাপ্ত স্কোর ০.১১৮৪। তিন বাহিনী মিলিয়ে ভারতের মোট সৈন্যসংখ্যা ৫১ লক্ষের বেশি। শুধু স্থলবাহিনীতেই রয়েছে প্রায় ১২ লক্ষ সৈনিক।
প্রতিরক্ষা বাজেটের নিরিখে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। ২০২৫–২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৬.৮১ লক্ষ কোটি টাকা—যা আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ড্রোন প্রযুক্তি, নৌবহরের সম্প্রসারণ—সব মিলিয়ে সামরিক আধুনিকীকরণে জোর দিচ্ছে নয়াদিল্লি।

❌ প্রথম ১০-এ নেই পাকিস্তান

সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য—প্রথম দশে জায়গা পায়নি Pakistan। তালিকায় তাদের অবস্থান দ্বাদশ। প্রাপ্ত স্কোর ০.২৫১৩। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক চাপ পাকিস্তানের সামরিক র‍্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এক সময় যেখানে পাকিস্তান সাত–আট নম্বরে থাকত, সেখান থেকে এই অবনমন তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

🌐 অন্য কোন দেশগুলি প্রথম দশে?

চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে—
৫) দক্ষিণ কোরিয়া
৬) ব্রিটেন
৭) ফ্রান্স
৮) জাপান
৯) তুরস্ক
১০) ইতালি

লক্ষ্যণীয় বিষয়, পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও প্রথম দশে নেই ইজ়রায়েল ও উত্তর কোরিয়া। ইজ়রায়েল রয়েছে ১৫ নম্বরে।

‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’-এর রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে—বিশ্ব দ্রুত এগোচ্ছে এক নতুন সামরিক প্রতিযোগিতার দিকে। আমেরিকার আধিপত্য চ্যালেঞ্জের মুখে, চিন দ্রুত শক্তি বাড়াচ্ছে, আর ভারত স্থায়ী ভাবে নিজের জায়গা পাকা করছে প্রথম সারিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন