নজরবন্দি ব্যুরোঃ কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে নেই ফরওয়ার্ড ব্লক। তাই এবার দলীয় পতাকা থেকে সরছে কাস্তে হাতুড়ি চিহ্ন। তবে সরছে না লম্ফমান বাঘের ছবি। ২২ জুন দলের প্রতিষ্ঠা দিবসে নতুন পতাকার ব্যবহার শুরু করবে নেতাজির দল।
আরও পড়ুনঃ আগামী IPL-এ পাঞ্জাবের হয়ে কি খেলবেন গেইল? প্রীতির পোস্টে জল্পনা তুঙ্গে
দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা কৃষক ও শ্রমিকের পাশে দাঁড়িয়ে লড়ব। সুভাষ চন্দ্র বসু ভারতে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন কৃষি ও শিল্পে। তাই এটাকেই গুরুত্ব দিয়ে দেখবে দল। অনেকে বিব্রত হচ্ছে এটা শ্রমিক শ্রেণীর পার্টি রইল না। বুর্জোয়া গনতান্ত্রিক ব্যবস্থায় একটা পার্টি তৈরি হল। তাঁরা ঠিক ভাবছেন না। সুভাষ চন্দ্র যে বামপন্থী তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার। বরং এখন মানুষ বলছে ভারতীয় বামপন্থার জনক সুভাষ চন্দ্র। আমরা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত নই তাই পতাকার অংশটুকু পরিবর্তন করলাম।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আমরা পতাকায় কাস্তে হাতুড়ি ব্যবহার করেছি আন্তর্জাতিকতার কথা বলেছি। এখনও বলব। সুভাষ চন্দ্রের চেয়ে বড় আন্তর্জাতিক বিশ্লেষক ভারতে আজ পর্যন্ত কোনও নেতা জন্মায়নি। তাই এই বিষয়ে তিনিই আমাদের আইকন। গতমাসে ভুবনেশ্বর ফরওয়ার্ড ব্লকের বৈঠকে পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন দলীয় নেতৃত্ব। যদিও কেউ কেউ অবশ্য মনে করছেন এই মুহূর্তে প্রথম পতাকাই ফিরিয়ে নিয়ে আসা উচিত।
পতাকা থেকে সরছে কাস্তে হাতুড়ি, বদলাচ্ছে ফরওয়ার্ড ব্লক

তবে রাজনৈতিক মহলের ধারণা, বাংলায় বাম দুর্গের অস্তিত্ব এই মুহুর্তে সংকটে। বড় শরিক সিপি(আই)এমের অবস্থা নিভু নিভু। সেখান থেকে পুনরায় ফিরতে মরিয়া সমস্ত বাম দলগুলি। তাই নিজেদেরকে পরিবর্তন করে জনমত ফেরাতে চায় তাঁরা। দলের সম্পাদকের কথায়, এখন মানুষের সঙ্গে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেবেন তাঁরা। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা সুভাষবাদের প্রচার করবো। সেই প্রচারের জন্য পুস্তিকা, হ্যান্ডবিল, পোস্টার সব জায়গায় আমরা পাঠাব। যাতে ভারতীয় মাটিতে ভারতীয় মতের পথের কথা সুভাষ চন্দ্র বলে গিয়েছিলেন। আমরা সেই পথেই চলব।



