ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে জল্পনার অবসান। শনিবারই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। দুপুর ২টার মধ্যে তা অনলাইনে আপলোড করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ফলে বাড়িতে বসেই ভোটাররা দেখে নিতে পারবেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না।
সিইও-র দফতর সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট Election Commission of India (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে চূড়ান্ত তালিকা দেখা যাবে। সেখানে EPIC নম্বর (ভোটার কার্ড নম্বর) দিয়ে সার্চ করলেই জানা যাবে নাম তালিকাভুক্ত রয়েছে কি না।

শুধু অনলাইন নয়, অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। সিইও অফিস থেকে রাজ্যের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে পেনড্রাইভে তালিকার সফট কপি তুলে দেওয়া হবে। পাশাপাশি জেলা নির্বাচন আধিকারিক (DEO) দফতর থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দুটি করে হার্ড কপি দেওয়া হবে।
সাধারণ মানুষও সরাসরি তালিকা খতিয়ে দেখতে পারবেন। জেলা (DEO), মহকুমা (SDO) এবং ব্লক (BDO) অফিসে তালিকার হার্ড কপি রাখা থাকবে। সেখানে গিয়েও ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইন ও অফলাইন— দুই পদ্ধতিতেই তালিকা প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। ফলে ভোটারদের আর বিভ্রান্তিতে পড়তে হবে না।










