ফিফা বিশ্বকাপ দেখার জট কাটল! ভারতে সম্প্রচার করবে জি, আসছে নতুন স্পোর্টস চ্যানেল

২০২৬ ও ২০৩০ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল জ়ি। নতুন স্পোর্টস নেটওয়ার্ক ও Zee5-এর মাধ্যমে ম্যাচ দেখতে পারবেন ভারতীয় দর্শকরা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মেঘ সরিয়ে বড় ঘোষণা করল জ়ি এন্টারটেইনমেন্ট। নতুন চুক্তির ফলে শুধু ২০২৬ বিশ্বকাপ নয়, আগামী একাধিক ফিফা টুর্নামেন্টও ভারতে জি-র প্ল্যাটফর্মে দেখা যাবে।

সম্প্রচার স্বত্ব পাওয়ার পর জ়ি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, তারা দেশের ক্রীড়া সম্প্রচারের বাজারে আরও বড় উপস্থিতি তৈরি করতে চলেছে। সেই লক্ষ্যেই ‘Unite8 Sports’ নামে একটি নতুন স্পোর্টস নেটওয়ার্ক চালু করা হচ্ছে, যেখানে ফুটবলসহ বিভিন্ন জনপ্রিয় খেলার সম্প্রচার হবে।

নতুন নেটওয়ার্কের অধীনে চারটি স্পোর্টস চ্যানেল চালু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে হিন্দি ভাষার জন্য Unite8 Sports 1 এবং Unite8 Sports 1 HD। পাশাপাশি ইংরেজি ভাষার দর্শকদের জন্য থাকছে Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD।

সংস্থার দাবি, শুধু ফুটবল নয়, ক্রিকেট, ব্যাডমিন্টন, কবাডি, বক্সিং, কুস্তি-সহ একাধিক খেলার সম্প্রচারও এই চ্যানেলগুলিতে করা হবে। ফলে স্পোর্টস সম্প্রচারের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে জ়ি।

এই চুক্তির সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য ফিফার টুর্নামেন্টগুলি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ, ২০৩০ সালের বিশ্বকাপ এবং ২০২৭ সালের মহিলা বিশ্বকাপ ভারতের দর্শকরা জ়ি-র প্ল্যাটফর্মেই দেখতে পাবেন। শুধু টেলিভিশন নয়, ডিজিটাল দর্শকদের জন্য Zee5-এও ম্যাচগুলির লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকবে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা এই আসর নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা শুরু হয়েছে। ভারতীয় দর্শকদের কাছেও এই প্রতিযোগিতা বরাবরের মতোই বিশেষ আকর্ষণের কেন্দ্র।

শুধু সিনিয়র বিশ্বকাপ নয়, এই চুক্তির আওতায় আরও একাধিক ফিফা প্রতিযোগিতার সম্প্রচার হবে। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ফুটসল বিশ্বকাপ, মহিলা ফুটসল বিশ্বকাপ-সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টও ভারতীয় দর্শকরা দেখতে পাবেন।

জ়ি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনীত গোয়েঙ্কা জানিয়েছেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দিতে পারা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ফুটবল এমন একটি খেলা যা ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমা অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধে।

ফিফার সঙ্গে এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে ভারতে ফুটবলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। ফলে আগামী বিশ্বকাপ থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ফুটবল আসর দেখার ক্ষেত্রে ভারতীয় দর্শকদের আর কোনও অনিশ্চয়তার মুখে পড়তে হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর