নজরবন্দি ব্যুরো: দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত ৩টি গাড়ি। দিল্লিতে আব্দুল কালাম আজাদ রোডে হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে পার্ক করা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছিল তার কারণ এখনও জানা যায়নি। এলাকায় আরও বোম রয়েছে নাকি তা দেখতে তল্লাশি চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। এটি IED বিস্ফোরণ হতে পারে বলে অনুমান। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল রয়েছে। ফুটপাতের কাছে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ফুটপাতের কাছে লুকিয়ে রাখা হয়েছিল আইইডি। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: প্রস্তুতি সারতে হবে রাজ্যের ১১২টি পুরসভার নির্বাচনের, নির্দেশ কলকাতা হাই কোর্টের ।
ইজরায়েল দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে, দূতাবাস ভবন ও কর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। এদিকে দূতাবাসের সামনে বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করছে ইজরায়েল। বিস্ফোরণের পর দিল্লি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা গেছে, খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সূত্রের খবর, ঘটনাস্থলে এসেছেন এনআইএ আধিকারিকরাও। ইজরায়েলি দূতাবাসের ১৫০ মিটার দূরে একাধিক গাড়ি দাঁড়িয়ে ছিল। সেখানেই বিস্ফোরণ হয়। বিকেল পৌনে ছ’টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে।
দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত ৩টি গাড়ি । দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ৫ এপিজে আব্দুল কালাম রোডের কাছে জিন্দর হাউসের পাশে আইইডি রাখা হয়েছিল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সম্পত্তিতে কোনও ক্ষতি হয়নি। পাশে দাঁড়ানো তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তদন্তকারীদের অনুমান, মানুষের মনে আতঙ্ক তৈরির উদ্দেশেই এই বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতীরা।



