ভারত ম্যাচ নিয়ে পিসিবির ‘হুমকির সুর’! হতাশা থেকেই বয়কটের অবস্থান, বিস্ফোরক এহসান মানি

ভারত ম্যাচ বয়কট নিয়ে পিসিবির অবস্থানকে ‘হুমকির সুর’ বলে কটাক্ষ এহসান মানির। তাঁর দাবি, আইসিসিতে গুরুত্ব না পাওয়ার হতাশা থেকেই এই অবস্থান নিয়েছে পাক বোর্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, আর সেই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন আইসিসির প্রাক্তন প্রধান এহসান মানি। তাঁর দাবি, ভারতের কাছ থেকে গুরুত্ব না পাওয়ার হতাশা থেকেই ম্যাচ বয়কটের অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি, আলোচনার বদলে ‘হুমকির সুরে’ কথা বলার জন্য নিজের দেশের বোর্ডকেই পরোক্ষে কটাক্ষ করেছেন তিনি।

আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাক ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পাকিস্তান প্রথমে এই ম্যাচ খেলতে অনীহা দেখালেও সাম্প্রতিক পরিস্থিতিতে তারা নরম সুরে কথা বলছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই ম্যাচ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই পিসিবির। অর্থাৎ দরকষাকষির রাস্তা খোলা রাখার ইঙ্গিতই দিচ্ছে তারা।

এই পরিস্থিতিতে এহসান মানির বক্তব্য, “আমি যদি আইসিসি প্রধান হতাম, আমিও চাইতাম যেভাবেই হোক ম্যাচটা হোক। কেউই একটা সদস্য দেশকে এভাবে টুর্নামেন্ট থেকে ছুঁড়ে ফেলতে চাইবে না।”

তবে একইসঙ্গে পিসিবির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মানির মতে, “পিসিবি আগে থেকেই একটা কঠোর অবস্থান নিয়ে নিয়েছে, যা করা উচিত হয়নি। তার আগে আলোচনা করা দরকার ছিল। হুমকি দিয়ে কোনও আলোচনা হয় না। দুই পক্ষেরই কথা বলার চেষ্টা করা উচিত ছিল।”

বাংলাদেশকে নিয়ে আইসিসি বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। মানির মতে, আইসিসির বোর্ডের সিদ্ধান্ত সবারই মেনে নেওয়া উচিত ছিল। যদি পিসিবির আপত্তি থাকত, তবে তা সরাসরি বোর্ডের বৈঠকেই তোলা উচিত ছিল।

তিনি আরও বলেন, “আমার মনে হয় পিসিবি যে অবস্থান নিয়েছে, তা আসলে আইসিসি বোর্ড সদস্যদের দ্বারা উপেক্ষিত হওয়ার প্রতিক্রিয়া।” মানির মতে, ক্রিকেটে রাজনীতির প্রভাব বাড়লে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে খেলাটাই।

বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ শুধু দুই দেশের লড়াই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আকর্ষণ। তাই এই ম্যাচ ঘিরে টানাপোড়েন চলতে থাকলে তার প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্টের উপরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত