সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন সহ ৩ জনকে ফের একবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার তাঁদের সমন পাঠানো হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার তাদের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ। এই নিয়ে তৃতীয়বার তাদের তলব করা হল। আগের প্রত্যেকটি হাজিরা তাঁরা এড়ান। এবার হাজিরা এড়ালে এদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পরিকল্পনা হয়েছে ইডির, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা মাছের ভেড়ি দখল, সিন্ডিকেট চালানো ও তোলাবাজি সহ একাধিক মামলার তদন্তের সূত্রে নাম জড়ায় সিরাজউদ্দিন সহ শাহজাহানের জামাই ও গাড়ির চালকেরও। যদিও এর আগেও দুবার নোটিশ দেওয়ার পরেও হাজিরা দেননি তাঁরা। জানা গেছে কিছুদিন আগেই তাদের নোটিস দিয়েছিল ইডি কিন্তু তাতে তাঁরা কোনো আলোকপাত করেননি। এরপর দ্বিতীয় বার পোষ্টের মাধ্যমে নোটিস পাঠানো হলেও সেই নোটিস তারা রিসিভ করেনি। এরপরেই গতকাল স্থানীয় থানার সহযোগিতায় ফের তিনজনকে তৃতীয়বারের জন্য নোটিস পাঠায় ইডি।



ইডি সূত্রে খবর, এইবার যদি তারা এই তলব এড়িয়ে যান এবং বৃহস্পতিবার ও শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা না দেন তাহলে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ। তৃতীয়বার এই তলব এড়ানোয় প্রয়োজনে জারি করা হতে পারে জামিন অযোগ্য পরোয়ানা।
শাহজাহানের ভাই-সহ ৩ জনকে ফের তলব ইডির, এবার হাজিরা এড়ালেই বড় পদক্ষেপ?



প্রসঙ্গত, এর আগেও শাহজাহানের আর এক ভাই আলমগিরকেও একই মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। পরে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে থানা থেকেই তাঁকে গ্রেফতার করে ইডিও। পাশাপাশি গ্রেফতার করা হয় শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং দিদারবক্স মোল্লাকেও। ইডি সূত্রে খবর, এবার এই তিন জনের বিরুদ্ধে একাধিক তথ্য রয়েছে ইডি আধিকারিকদের কাছে। সে কারণেই বারবার তলব করা হচ্ছে এই তিনজনকে।








