ইডি তলব এড়ালেন টিনা আম্বানি, অর্থ তছরুপ মামলায় ফের ডাকার প্রস্তুতি

ম্যানহাটনের বিলাসবহুল সম্পত্তি কেনা ঘিরে জিজ্ঞাসাবাদের তলব—হাজিরা না দেওয়ায় অনিল আম্বানির স্ত্রী টিনা আম্বানিকে ফের ডাকতে পারে ইডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে নতুন মোড়। একবার তলব করা হলেও হাজিরা দেননি অনিল আম্বানির স্ত্রী টিনা আম্বানি। ফলে অর্থ তছরুপ মামলায় তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার প্রস্তুতি নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ৬৮ বছর বয়সি টিনা আম্বানিকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে তিনি হাজিরা দেননি। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে আবার তলব করার কথা ভাবছে।

ইডি সূত্রে খবর, নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বিলাসবহুল সম্পত্তি কেনাকে ঘিরেই এই তলব। ওই সম্পত্তি কেনার জন্য যে বিপুল অর্থ খরচ হয়েছে, তার উৎস সম্পর্কে জানতে চায় তদন্তকারী সংস্থা। সেই কারণেই টিনা আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

উল্লেখ্য, অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণা ও অর্থ তছরুপের একাধিক অভিযোগ উঠেছে। সব অভিযোগ মিলিয়ে আর্থিক অনিয়মের পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি বলে দাবি তদন্তকারীদের।

সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি ইডি একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। ইতিমধ্যেই রিলায়েন্স কমিউনিকেশনস (RCOM)-এর প্রাক্তন চেয়ারম্যান পুনীত গর্গকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য—এমনটাই দাবি তদন্তকারীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত