মধ্যপ্রাচ্যের অতি স্পর্শকাতর জলপথে আবারও উত্তেজনা। ওমানের উপকূল ঘেঁষে হরমুজ় প্রণালীর কাছে একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। জাহাজে থাকা ২০ নাবিকের মধ্যে চার জন আহত হয়েছেন। উদ্বেগের বিষয়— ওই ট্যাঙ্কারে থাকা ২০ জনের মধ্যে ১৫ জনই ভারতীয় নাগরিক। বাকি পাঁচ জন ইরানের। তবে আহতরা কোন দেশের নাগরিক, তা এখনও স্পষ্ট নয়।
রবিবার ওশিয়ানিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পালাউ–এর পতাকাবাহী ট্যাঙ্কারটি হরমুজ় প্রণালীর দিকে এগোচ্ছিল। ওমানের মুসান্দম উপদ্বীপ–এর কাছে, খসাব বন্দর থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল উত্তরে হামলাটি হয় বলে সূত্রের খবর। বিস্ফোরণের পর জাহাজে অগ্নিকাণ্ড বা বড়সড় ক্ষতির খবর না মিললেও নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


হরমুজ় প্রণালী— হরমুজ় প্রণালী— বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম লাইফলাইন। বিশ্বের মোট রফতানি হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।
এর আগেই রবিবার সকালে ওমানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছিল, দেশের ডুকম বন্দর–এ দু’টি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। সেই ঘটনায় বন্দরের এক কর্মী আহত হন। পরপর এই দুই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক মহলের নজর এখন তেহরান এবং মাসকাটের প্রতিক্রিয়ার দিকে। একই সঙ্গে ভারত সরকারও ঘটনাপ্রবাহের উপর নজর রাখছে বলে কূটনৈতিক সূত্রের খবর। ১৫ ভারতীয় নাবিকের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন।









