আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, নৃত্যশিল্পীদের নিয়ে মিছিল ডাকলেন ডোনা

বুধবার এই মিছিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যে সাড়ে ৭টা থেকে মিছিল শুরু হবে ডোনার নাচের স্কুলের সামনে থেকে। চলবে বড়িশা প্লেয়ার্স কর্নার পর্যন্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রতিদিনই সমাজের বিভিন্ন পেশার মানুষজন রাজপথে মিছিল করছেন। এবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় একটি মিছিলের ডাক দিলেন। এই মিছিলে অংশ নেবেন ডোনার নাচের স্কুলের ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি, রাজ্যের সমস্ত নৃত্যশিল্পীদের এই কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ডোনা।

সূত্রের খবর, বুধবার এই মিছিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যে সাড়ে ৭টা থেকে মিছিল শুরু হবে ডোনার নাচের স্কুলের সামনে থেকে। চলবে বড়িশা প্লেয়ার্স কর্নার পর্যন্ত। দিন কয়েক আগেই আরজি কাণ্ডে সৌরভের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। প্রাক্তন অধিনায়ককে তীব্র ভাষায় সমালোচনা করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সৌরভ এই ঘটনার নিন্দা জানিয়েও বলেছিলেন, “ভারত এবং বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত। বিশ্বের যে কোনও প্রান্তে এই ঘটনা ঘটতে পারে।”

Shamim Ahamed Ads

এরপরেই শুরু হয় বিতর্ক। সমাজমাধ্যমে সৌরভকে ‘সুবিধাবাদী’ তকমা দেন নেটিজেনরা। যেহেতু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ এবং রাজ্যে একটি ইস্পাত কারখানা করবেন বলে কথা দেন। তাই নাকি তিনি এই ঘটনাকে ‘লঘু’ চোখে দেখতে চাইছেন। পরবর্তীতে সৌরভ আবার একটি বিবৃতি দেন এবং বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অপরাধীদের চরমতম শাস্তি চাই। সোমবার নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে কালো ছবি দেন মহারাজ।

সৌরভ ও ডোনা আগেই জানিয়েছিলেন, মেয়েদের রাত দখলের কর্মসূচিতে তাঁদের অংশ নেবার ইচ্ছে ছিল কিন্তু কন্যা সানার শরীর খারাওপ থাকায় তা সম্ভব হয়নি। এবার একেবারে সরাসরি মিছিলে নামবেন সৌরভ-জায়া। তবে, এই মিছিলে মহারাজ থাকবেন কিনা তা জানা যায়নি। গত ৯ অগস্ট আরজি করে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছেন। সিবিআই এখন এই মামলার তদন্ত করছে। নতুন করে কেউ গ্রেফতার হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত