ডোডায় মর্মান্তিক দুর্ঘটনা: গভীর খাদে পড়ে সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০ জওয়ান, আহত বহু

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভাদেরওয়াহ–চাম্বা সড়কে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা। নিহত ১০ জওয়ান, গুরুতর আহতদের উধমপুরে স্থানান্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের নিরাপত্তা রক্ষায় ডিউটিতে থাকা জওয়ানদের জন্য ফের নেমে এল শোকের ছায়া। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় গভীর খাদে পড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি। ঘটনায় অন্তত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। দুর্গম পাহাড়ি পথে মুহূর্তের অসতর্কতায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ডোডা জেলার ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি টপ এলাকায়। বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটিতে মোট ১৭ জন জওয়ান ছিলেন। তাঁরা একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিলেন। আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তা থেকে পিছলে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনাবাহিনী। আহত অবস্থায় ১১ জন জওয়ানকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুর-এর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আহতদের স্থানীয় সেনা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি রাস্তায় খারাপ আবহাওয়া ও তীব্র বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনায় নিহত জওয়ানদের পরিবারগুলির প্রতি শোকজ্ঞাপন করেছে সেনাবাহিনী ও প্রশাসন। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো জওয়ানদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে দেশজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন