নিয়োগ দুর্নীতি মামলায় ফের দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করল সিবিআই (CBI)। একজন, বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা গায়িকা-বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। অন্যজন, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বুধবার দু’জনকেই তলব করে এজেন্সি। মাত্র ২৪ ঘন্টা আগে নোটিস পেয়েও বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালাসে হাজির হলেন দেবরাজ ও বাপ্পাদিত্য।
প্রসঙ্গত, আগেই দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই (CBI)। উদ্ধার হয় বেশ কিছু নথি। উদ্ধারকৃত সেই সব নথির বিষয়েই তাঁদের এদিন জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। নিজাম প্যালেসে পৌঁছে দেবরাজ জানিয়েছেন, “২৪ ঘণ্টার কম সময় দিয়ে ডাকা হল। এটাই খারাপ লাগে। আমাদেরও অনেক কাজ থাকে। সেগুলো ফেলে আসতে হয়। তবে তদন্তে সব রকম সহযোগিতা করব।” তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাপ্পাদিত্যও।



গত বছর নভেম্বরে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআইয়ের (CBI) তদন্তকারী আধিকারিকেরা। একই সঙ্গে তাঁর স্ত্রী তথা গায়িকা-বিধায়ক অদিতি মুন্সীর গানের স্কুলেও তল্লাশি চালানো হয়েছিল। সেই তল্লাশি অভিযানে দেবরাজের বাড়ি থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল বলে সিবিআই (CBI) জানায়। বাপ্পাদিত্যের বাড়িতে তল্লাশি চালিয়েও চাকরি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছিল।

নিয়োগকাণ্ডে দেবরাজ-বাপ্পাদিত্যকে CBI তলব, ২৪ ঘন্টার নোটিসে নিজাম প্যালেসে দুই TMC কাউন্সিলর










