মঙ্গলবার ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়বে উপকূলে, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা

মোন্থার দাপট বাড়ছে বঙ্গোপসাগরে, মঙ্গলবার রাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে বয়ে আনবে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি, প্রভাব পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা (Cyclone Montha) আরও গতি বাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সোমবার দুপুরের বুলেটিন অনুযায়ী, শেষ ছ’ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতি স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকালে এটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ (Severe Cyclone) পরিণত হবে এবং রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। তার প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় দুর্যোগের আশঙ্কা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মোন্থা চেন্নাই থেকে প্রায় ৫২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। মঙ্গলবার সকাল নাগাদ এটি প্রবল আকার ধারণ করবে। এরপর রাতে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও কাকিনাড়ার মধ্যবর্তী উপকূলে ল্যান্ডফল (Landfall) করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়া পৌঁছাতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।

মঙ্গলবার ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়বে উপকূলে, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা
মঙ্গলবার ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়বে উপকূলে, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়বে মঙ্গলবার সকাল থেকেই। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের দুই জেলা — দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি সরবে উত্তর-পশ্চিমের দিকে— বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানের মতো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা (Weather Alert) জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে মঙ্গলবার হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে। বুধবার জলপাইগুড়িতে হলুদ সতর্কতা, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy to Very Heavy Rain) সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরের পাঁচ জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

মঙ্গলবার ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়বে উপকূলে, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা
মঙ্গলবার ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়বে উপকূলে, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা

আবহাওয়া দফতর ইতিমধ্যে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যেতে নির্দেশ দিয়েছে। যারা এখনো সাগরে রয়েছেন, তাঁদের অবিলম্বে তীরে ফিরে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোন্থার কারণে আগামী দুই দিনে রাজ্যের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই সময়ে বঙ্গোপসাগরের জলতাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মোন্থা দ্রুত শক্তি সঞ্চয় করছে। ফলে এর প্রভাব কেবল উপকূল নয়, দক্ষিণ ও উত্তরবঙ্গের উপরেও পড়বে। শহর কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে সপ্তাহান্ত পর্যন্ত মাঝেমধ্যেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে বলে পূর্বাভাস।

রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উপকূল এলাকায় দুর্যোগ মোকাবিলা দল (Disaster Management Team) মোতায়েন করেছে। পর্যটকদের সতর্ক করা হয়েছে দিঘা, মন্দারমণি, বকখালির মতো সৈকত এলাকায় না যেতে। ঘূর্ণিঝড় মোন্থা (Cyclone Montha)-র দাপটে রাজ্যের বেশ কিছু অংশে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন