নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আর তার জেরে দেশে সংক্রমণ যে লাগামছাড়া হয়ে উঠেছে তা আর নতুন করে বলার কিছু নেই। গতকালের রিপোর্টে সংক্রমণের মাত্রা ২ লক্ষ ছাড়িয়েছিলে, এদিন আরও বেশি সংক্রমণ। শুক্রবারের রিপোর্ট বলছে শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন।
আরও পড়ুনঃ লকডাউনের ইঙ্গিত? বন্ধ হতে চলেছে লোকাল সহ সার্বিক ট্রেন পরিষেবা?


এই সময়ে মৃত্যু হয়েছে ১১৮৫ জনের। এ নিয়ে মোট ১ লক্ষ ৭৪ হাজার ৩০৮ জন কোভিডে প্রাণ হারালেন দেশে। দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ৯৭ হাজার ৮৬৬। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩ জন। এই সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবাতে ঘাটতি তৈরি হচ্ছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে।
কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন।করোনার নতুন স্ট্রেন আরও ভয়াবহ হয়ে দ্বিতীয়বার থাবা বসিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতও ব্যতিক্রম নয়। ২০২১এ দেশে গণটিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর সামান্য স্বস্তি মিললেও তা ক্ষণস্থায়ী। ফের বিলিতি স্ট্রেন দ্বিগুণ সক্রিয় হয়ে ওঠায় নতুন করে করোনার কবলে ভারত। এদিকে, জমায়েত এড়াতে ফের কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
শুক্রবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে জাদুঘর, তাজমহল – ASI’এর অধীনে থাকা সব কটি ঐতিহাসিক স্থানের গেট দর্শকদের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় আবার রেল যোগাযোগ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে রেল বোর্ড।









