নজরবন্দি ব্যুরোঃ শিয়রে করোনার তৃতীয় ঢেউ। তবু মাস্ক ছাড়াই দিব্যি রাস্তায় ঘুরছেন তাঁরা। আর তারই খেসারত স্বরূপ সপ্তমীর পর অষ্টমীতেও বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে পজিটিভিটি রেট। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৭১ জন।
আরও পড়ুনঃ পুজোর মধ্যে স্পেশাল ট্রেন বাতিল! কেন জানেন?


এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৮২। গত বছর অষ্টমীর দিন, রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ১৪৩ জন। অর্থাত্ সে বারের অষ্টমীর থেকে এ দিন ৭৬.৪১ শতাংশ কম সংক্রমণ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৫ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৫১ হাজার ৮৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৯৩৫ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৮৭টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট ২.৭৪ শতাংশ।



মঙ্গলবারের তুলনায় কমেছে নমুনা পরীক্ষা। কিন্তু বেড়েছে সংক্রমিতের হার। যার দরুন বেড়েছে চিন্তা।করোনার প্রথম ঢেউয়ের সময়ে গোটা রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মতো জেলা।
মাস্ক ছাড়াই দিব্যি পুজো দেখা, কলকাতায় আক্রান্ত ছাড়াল ২০০
এবারও হয়তো আশঙ্কা তৈরি করছে কলকাতা। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৩ জন। এনিয়ে শহরে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্য়া ৩,১৮,৫৪৬ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এর পাশাপাশি গত একদিনে হাওড়ায় আক্রান্ত ৬৭, দক্ষিণ ২৪ পরগনায় ৪২, হুগলিতে ৫৩ জন, দার্জিলিংয়ে ৩৯ জন ও নদিয়ায় ৪৬ জন।







