ছটপুজোর রাতেও শব্দবাজির দাপট! দূষণে কলকাতাকে পিছনে ফেলল হাওড়া, উদ্বেগ বাড়াচ্ছে AQI রিপোর্ট

ছটপুজোয় নির্ধারিত সময়ের বাইরে শব্দবাজি ফাটানোর অভিযোগ। রবিবার রাতে হাওড়ার AQI ২৭৫ ছুঁল, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বাড়ল দূষণ। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ছটপুজো ঘিরে শব্দবাজির দাপট কমল না এ বারও। সরকারি নির্দেশিকা ও নির্ধারিত সময়সীমা উপেক্ষা করে একাধিক এলাকায় রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। তার জেরে শীতের মুখে ফের খারাপ হল রাজ্যের বাতাসের গুণমান। বায়ুদূষণের নিরিখে কলকাতাকেও পিছনে ফেলে দিল হাওড়া। রবিবার রাত ১টার মধ্যে হাওড়ার বায়ুমান সূচক বা AQI পৌঁছে যায় ২৭৫-এ। অন্যদিকে, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বাড়তে থাকে দূষণের মাত্রা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

কালীপুজো ও দীপাবলির পর ছটপুজোতেও বাজির দাপট নিয়ন্ত্রণে আনা গেল না। পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানোর জন্য প্রশাসনের তরফে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি থাকলেও অভিযোগ, তার অনেক আগে থেকেই বিভিন্ন এলাকায় শব্দবাজির আওয়াজ শোনা যায়। রাতভর বাজি ফাটানোর ফলে বাতাসে দূষণকারী উপাদানের পরিমাণ বেড়েছে বলে মনে করছেন পরিবেশবিদদের একাংশ।

- Advertisement -

পরিসংখ্যানেও ধরা পড়েছে দূষণের উদ্বেগজনক ছবি। রবিবার রাত ১টার মধ্যেই হাওড়ার AQI ২৭৫-এ পৌঁছে যায়। কলকাতার পরিস্থিতিও স্বস্তিদায়ক ছিল না। সোমবার সকাল ৭টায় সল্টলেকে PM 2.5-এর মাত্রা ১৩০ ছাড়িয়ে যায়। বেলুড় মঠ এলাকায় এই মাত্রা ছিল ১৬২। বারাকপুরে তা আরও বেড়ে ২৩০-এ পৌঁছয়।

দূষণের এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর অভিযোগ, বাজি ও উচ্চ শব্দের দাপট চললেও তা বন্ধ করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাঁর কথায়, পুলিশের সামনেই জোরে সাউন্ড বক্স বাজানো হয়েছে এবং প্রচুর শব্দবাজি ফাটানো হয়েছে। দূষণ ছড়ানোর যাবতীয় উপাদান ছড়িয়ে পড়লেও তা আটকানোর যথেষ্ট চেষ্টা হয়নি।

কালীপুজো ও দীপাবলির সময়ও রাজ্যের একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে হাওড়ার পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ বলে উঠে এসেছিল দূষণের পরিসংখ্যানে। গত বছরের তুলনায় এ বার ছটপুজোয় দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পরিবেশবিদরা। সাম্প্রতিক পরিস্থিতি সেই আশঙ্কাকেই জোরালো করেছে।

ছটপুজো উপলক্ষে প্রশাসনের নির্দেশ ছিল, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দু’ঘণ্টা শুধুমাত্র সবুজ বাজি ফাটানো যাবে। নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার বন্ধ করতে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নজরদারি চালানো হয়। বিভিন্ন জায়গায় অভিযান এবং ধরপাকড়ও চলে। কিন্তু সেই উদ্যোগ সত্ত্বেও বাস্তবে বাজির দাপট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি বলে অভিযোগ।

- Advertisement -

অভিযোগ উঠেছে, বহু এলাকায় নির্ধারিত সময়ের আগেই বাজি ফাটানো শুরু হয়ে যায়। ছটপুজোর জন্য ঘাটে আসা পূর্ণার্থীদের সঙ্গে থাকা একাংশ যুবকের বিরুদ্ধেও বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। শুধু ঘাট চত্বরেই নয়, কোথাও পুকুরপাড়ে, আবার কোথাও রাস্তার উপরেও শব্দবাজি ফাটানো হয়েছে বলে অভিযোগ। এর ফলে সাধারণ পথচলতি মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি বাতাসে দূষণের মাত্রাও বেড়েছে।

শীতের আগমনের মুখে এই পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে। দূষণের কারণে বাতাসের স্বাভাবিক গুণমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শীতের অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। বিশেষজ্ঞদের মতে, উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ ও সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য দূষিত বাতাস বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।

প্রশাসনের নজরদারি ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যদি উৎসবের মরশুমে শব্দবাজির দাপট এভাবে চলতে থাকে, তা হলে শীতের শুরুতেই দূষণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর