পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বিশেষ সিবিআই আদালতে হাজির করার পর গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
২০২২ সালের ২২ জুলাই, নিয়োগ দুর্নীতির অভিযোগে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি (ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর পার্থকে গ্রেফতার করা হয়। পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটেও অভিযান চালায় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসন থেকে নগদ ২১.৯ কোটি টাকা এবং প্রচুর বিদেশি মুদ্রা ও সোনার গয়না উদ্ধার করে ইডি।


এরপর, ২৩ জুলাই বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে ইডি। কয়েকদিন পর ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার আরও দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে ২৭.৯ কোটি টাকা এবং আরও মূল্যবান গয়না উদ্ধার করা হয়। ইডির দাবি অনুযায়ী, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে মোট ৪৯.৮ কোটি টাকা এবং ৫.০৮ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়।
ইডির মতে, সোনা, নগদ এবং সম্পত্তি মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ ও অর্পিতাকে আগে সিবিআই গ্রেফতার করেছিল। এবার প্রাথমিকে নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলো।







