লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (CAPF in Bengal)। নির্বাচন কমিশন জানিয়েছে, মার্চের শুরুতেই দুই পর্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘিরে তীব্র সন্ত্রাস দেখেছে বাংলা। আসন্ন লোকসভায় হিংসাত্মক পরিস্থিতি এড়াতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। কবে আসছে কেন্দ্রীয় বাহিনী? কোন জেলায় কত কোম্পানি বাহিনী আসছে?



আরও পড়ুন: ‘আমি এত কাজ করি তাও আমাকে গালাগালি দেয়’ – মমতা
নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মার্চের মধ্যেই রাজ্য ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। দ্বিতীয় দফায় ৫০ কোম্পানি বাহিনী আসবে। অর্থাৎ ভোট ঘোষণা আগেই রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই বাহিনীর কাজ হবে টহলদারি ও রুট মার্চ চালানো। কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।



কমিশনের তরফে জানা গিয়েছে, প্রথম ও দ্বিতীয় দফায় যে ১৫০ কোম্পানি আসছে তার মধ্যে দার্জিলিংয়ে (Darjeeling) ৫ কোম্পানি, কালিম্পংয়ে ২ কোম্পানি, শিলিগুড়িতে ২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৩ কোম্পানি, কোচবিহারে ৫, জলপাইগুড়িতে ৪, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মার্চের শুরুতেই আসছে ১০০ কোম্পানি

উল্লেখ্য, জানা গিয়েছে, লোকসভা ভোটের (Loksabha Election) জন্য বাংলায় ৯২০ কোম্পানি সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন মোট ৩৪০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছে। এরমধ্যে ৪২ আসনের বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হতে পারে। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে, ৮০ টি। সেই রাজ্যের জন্য মাত্র ২৫০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। মোট বাহিনীর এক চতুর্থাংশই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। এখনও পর্যন্ত লোকসভা ভোটে এর আগে কোনও রাজ্যের জন্য এত কোম্পানি বাহিনী চাওয়া হয়নি।







