দিল্লির ৯ স্কুলে বোমাতঙ্ক, হুমকি মেলে সংসদে বিস্ফোরণেরও—তৎপর পুলিশ

রাজধানীর ৯টি স্কুলে বোমা হামলার হুমকি মেল, একটি মেলে সংসদে বিস্ফোরণের সতর্কবার্তা। তৎপর পুলিশ, স্কুল চত্বরে তল্লাশি শুরু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকালের ক্লাস শুরুর আগেই আতঙ্ক ছড়াল রাজধানীতে। পরপর ই-মেলে দিল্লির একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি আসতেই তড়িঘড়ি তৎপর হয় পুলিশ ও প্রশাসন। শুধু স্কুল নয়, একটি মেলে সংসদে বিস্ফোরণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও আপাতত তদন্তে নেমেছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

সোমবার সকালে দিল্লির অন্তত ৯টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল আসে। মেইলের ভাষা ছিল উস্কানিমূলক—তাতে ‘দিল্লি খলিস্তান হবে’ এবং ‘আফজাল গুরুর স্মৃতিতে’ বিস্ফোরণের মতো বার্তা দেওয়া হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মেলে সংসদে হামলারও হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১টা ১১ মিনিটে সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে। এই হুমকির সময় ও তারিখ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদ হামলার ভয়াবহ স্মৃতি এখনও তাজা।

হুমকি মেলের খবর পেতেই দ্রুত নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব স্কোয়াড ও নিরাপত্তাবাহিনী। প্রতিটি স্কুল চত্বর তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

যে স্কুলগুলিতে এই হুমকি মেল এসেছে, সেগুলির মধ্যে রয়েছে—লরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (শ্রীনিবাসপুরী), বেঙ্কটেশ্বর স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (এনএফসি), দ্য ইন্ডিয়ান স্কুল (সাদিক নগর), সিএম স্কুল (রোহিণী), ডিটিএ স্কুল (আইএনএ) এবং বাল ভারতী স্কুল (রোহিণী)।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। ই-মেলের উৎস, প্রেরকের পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ধরনের হুমকি নতুন নয়—এর আগেও দিল্লির একাধিক স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisement

সদ্য প্রকাশিত