হাওড়া বাদ দিয়ে সিঙ্গুরে জনসভা চায় বিজেপি, শেষ মুহূর্তে বদলাতে পারে মোদীর সফরসূচি

ভোটের আগে বাংলায় মোদীর সম্ভাব্য সফর। ১৮ জানুয়ারির দক্ষিণবঙ্গের সভাস্থল নিয়ে জল্পনা—হাওড়া নয়, সিঙ্গুরে জনসভা চাইছে বঙ্গ বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বাংলায় ফের আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—এই খবরে রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রাজ্যে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও চূড়ান্ত সূচি এখনও ঘোষণা হয়নি, তবে উত্তরবঙ্গের কর্মসূচি প্রায় নিশ্চিত বলেই জানা যাচ্ছে। আসল জল্পনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের সভাস্থল নিয়ে—হাওড়া নয়, হুগলির সিঙ্গুরেই জনসভা চায় বঙ্গ বিজেপি।

বিজেপি সূত্রে খবর, প্রথমে ১৮ জানুয়ারি হাওড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কৌশল বদল করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব হাওড়ার বদলে সিঙ্গুরে সভা করার প্রস্তাব দিয়েছে। এই মর্মে সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয়ে চিঠিও পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতরই।

দলীয় সূত্র জানাচ্ছে, ১৭ জানুয়ারি মালদহে প্রধানমন্ত্রীর জনসভা হওয়ার কথা। পরের দিন, অর্থাৎ ১৮ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই হাওড়া ও আশপাশের এলাকায় জনসভা করার পরিকল্পনা ছিল। কিন্তু ভোটের আগে রাজনৈতিক বার্তা আরও ধারালো করতে চাইছে বঙ্গ বিজেপি। সেই কারণেই হাওড়ার বদলে সিঙ্গুরকে বেছে নেওয়ার পক্ষে তারা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিঙ্গুর বাছাই নিছক কাকতাল নয়। সিঙ্গুর আন্দোলন একসময় বাম জমানার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের উত্থানের বড় হাতিয়ার হয়ে উঠেছিল। টাটা কারখানা বিতর্ক এবং শিল্পনীতি ঘিরে আন্দোলনের স্মৃতি এখনও রাজনীতির কেন্দ্রে। সেই মাটিতেই সভা করে তৃণমূলের শিল্পনীতি ও উন্নয়ন মডেলকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে বিজেপি—এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

উল্লেখ্য, এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে না পারায় ভার্চুয়ালি ভাষণ দেন মোদী। সেদিনই সুযোগ পেলে সরাসরি মানুষের কাছে ফের আসার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই মালদহ ও দক্ষিণবঙ্গের পাশাপাশি কৃষ্ণনগরেও সভা হতে পারে কি না, তা নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সব মিলিয়ে, ভোটের মুখে প্রধানমন্ত্রীর সফরসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছেই। এখন নজর একটাই—দক্ষিণবঙ্গে শেষ পর্যন্ত কোন জায়গা বেছে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল: হাওড়া, সিঙ্গুর, না কি কৃষ্ণনগর?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন