‘২২০ আসন সম্ভব’, শর্ত জানিয়ে বাংলায় বিজেপির অঙ্ক কষলেন শুভেন্দু অধিকারী

মালদহের সভা থেকে বিরোধী দলনেতার দাবি—সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হলে ২০২৬-এ দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২১-এর বিধানসভা নির্বাচনে ‘২০০ পার’ স্লোগান বাস্তবে রূপ পায়নি। পাঁচ বছর পর আবারও পালাবদলের দাবি তুলছে বিজেপি। সেই আবহেই শুক্রবার মালদহের চাঁচলে দলীয় সভা থেকে রাজনীতির অঙ্ক কষলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সনাতনী হিন্দুরা যদি রাজ্যজুড়ে ঐক্যবদ্ধ হন, তবে বিজেপির পক্ষে ২২০টি আসন জেতা সম্ভব।

শুভেন্দুর এই বক্তব্য আসে ক’দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বাংলায় এসে করা দাবির পর। শাহ জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের দুই-তৃতীয়াংশ আসনে জিতবে। তিনি সংখ্যা নির্দিষ্ট না করায় তৃণমূল কংগ্রেস কটাক্ষ শুরু করে। তার মধ্যেই শুভেন্দুর ‘২২০’ অঙ্ক সামনে এল।

Shamim Ahamed Ads

উত্তর মালদহ ও নন্দীগ্রামের উদাহরণ

চাঁচলের সভা থেকে শুভেন্দু বলেন, “এই রাজ্যে দু’টি জায়গায় হিন্দু ও আদিবাসীদের সবচেয়ে বড় রাজনৈতিক ঐক্য দেখা গিয়েছে। তার মধ্যে একটি উত্তর মালদহ।” তাঁর দাবি, সেখানে প্রায় ৮৫ শতাংশ হিন্দু ভোট বিজেপির প্রতীকে পড়েছে। “যদি গোটা রাজ্যে উত্তর মালদহের মতো সনাতনী ঐক্য তৈরি হয়, তবে ২০০ নয়, ২২০ আসনেও বিজেপি জিততে পারে,” বলেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর মালদহ কেন্দ্র জেতে বিজেপি।

নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ২০২১ সালে সেখানে প্রথমবার ৬৫ শতাংশ হিন্দু ভোট একজোট হয়েছিল এবং তিনি অল্প ব্যবধানে জয় পান। তাঁর দাবি অনুযায়ী, ২০২৪-এর লোকসভা ভোটে সেই হার বেড়ে ৭২ শতাংশে পৌঁছেছে। “আগামী দিনে নন্দীগ্রামে যদি উত্তর মালদহের মতো ৮৫ শতাংশ ভোট বিজেপির দিকে আসে, তবে আমাদের প্রার্থী ২০ হাজার ভোটে জিতবেন,” দাবি তাঁর।

ধারাবাহিক বার্তা, স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য

গত কয়েক মাস ধরেই শুভেন্দুকে সনাতনী হিন্দুদের ঐক্যের বার্তা দিতে দেখা যাচ্ছে। এ দিনের বক্তব্যে তিনি কার্যত স্পষ্ট করে দিলেন—বিজেপির নির্বাচনী কৌশলের কেন্দ্রে রয়েছে ধর্মীয় ভিত্তিতে ভোটের সংহতি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অঙ্ক বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে রাজ্যজুড়ে সংগঠন, প্রার্থী নির্বাচন এবং ভোটারদের মেজাজের উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত