ভূত চতুর্দশী—শুধু প্রদীপ বা শাক খাওয়ার আচার নয়, এই দিনটির পেছনে রয়েছে গভীর ধর্মীয় তাৎপর্য ও সামাজিক বিশ্বাস। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। পশ্চিম ও দক্ষিণ ভারতে দিনটি ‘নরক চতুর্দশী’ নামেও পরিচিত। শাস্ত্রমতে, এই দিনই কৃষ্ণ ও সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন। সেই থেকেই এই তিথি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আহ্বানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ভূত চতুর্দশীর মূল আচার হল চোদ্দো প্রদীপ জ্বালানো ও চোদ্দো শাক খাওয়া। প্রদীপ জ্বালানোর মাধ্যমে যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, তেমনি শাক খাওয়ার মধ্যে রয়েছে দেহ শুদ্ধি ও আত্মিক বিশুদ্ধির বার্তা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন প্রেতলোকে দরজা খোলে এবং সকল ভূত-প্রেত মর্ত্যে নেমে আসে। তাই এদিন শুদ্ধাচার মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।
ভূত চতুর্দশীতে বাড়িতে কোথায় জ্বালাবেন ১৪ প্রদীপ? সৌভাগ্য আনতে মানুন এই প্রাচীন নিয়ম

শাস্ত্র মতে, চোদ্দো শাক খেলে যমরাজ পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেন। পাশাপাশি, অশুভ শক্তি থেকেও রক্ষা পান গৃহস্থরা। অনেক পরিবার আজও এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছেন। তবে শুধু শাক খেয়ে বা প্রদীপ জ্বালিয়ে কর্তব্য শেষ হয় না। কোথায় এবং কীভাবে প্রদীপ জ্বালানো হবে, সেটিই সৌভাগ্য ও সমৃদ্ধির মূল চাবিকাঠি।
ঠাকুর ঘর ও তুলসী তলায় প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক ধরা হয়। এটি দেবতার আশীর্বাদ ও পবিত্রতার প্রতীক। বাড়ির সদর দরজার দুপাশে দুটি প্রদীপ রাখতে হয়, তাতে অবশ্যই দিতে হবে দুটি লবঙ্গ। লবঙ্গের গন্ধ ও প্রতীকী শক্তি অশুভ আত্মাকে দূরে রাখে বলে মনে করা হয়।
বাড়ির যেখানে যেখানে জলের ব্যবস্থা রয়েছে, যেমন বাথরুম বা রান্নাঘর সংলগ্ন অংশ, সেখানেও প্রদীপ জ্বালানো জরুরি। এই প্রদীপগুলো অন্ধকার দূর করে, ঘরোয়া পরিবেশে আনে পবিত্রতা। মূল দরজার মাঝখানে একটি মাটির প্রদীপ রাখা অত্যন্ত শুভ। এতে সামান্য গুড় দেওয়ার নিয়ম আছে, যা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো শাস্ত্রসম্মতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ দিক যমরাজের দিক বলে ধরা হয়, তাই এই প্রদীপ আত্মার মুক্তি ও দীর্ঘায়ুর প্রতীক।
ভূত চতুর্দশীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার হল যমরাজের পুজো। শাস্ত্র মতে, এই পুজো করলে দীর্ঘায়ু ও পারিবারিক শান্তি লাভ হয়। সকালে একটি লাল কাপড়ে কিছুটা নুন ও কালো সর্ষে বেঁধে ঠাকুরঘরে রেখে দিতে হয়। সন্ধ্যাবেলায় সেই নুন ও সর্ষে বাড়ির চার কোণে ছড়িয়ে দিলে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস।
শুধু প্রদীপ বা শাক নয়, ধুনো দেওয়ার মধ্যেও বিশেষ নিয়ম রয়েছে। ধুনোর মধ্যে অবশ্যই মেশাতে হবে সৈন্ধব লবন, নিমপাতা, কালো সর্ষে, লবঙ্গ ও কর্পূর। এই মিশ্রণ ধোঁয়ার মাধ্যমে ঘরের পরিবেশ শুদ্ধ করে, নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়।
এই রাতে বাড়ির কোনও অংশ অন্ধকার রাখা নিষেধ। প্রতিটি কোণায় আলো জ্বেলে রাখার মাধ্যমে ঘরে আহ্বান করা হয় ইতিবাচক শক্তি ও সৌভাগ্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যত বেশি আলো, তত বেশি সমৃদ্ধির বার্তা আসে সংসারে।
আজকের দিনে অনেকেই এই ঐতিহ্যকে শুধুই আচার হিসেবে মানলেও, এর পেছনে রয়েছে প্রকৃতপক্ষে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ভাবনা। অন্ধকার থেকে আলোয় আসার প্রতীক হিসেবে ভূত চতুর্দশীর প্রদীপ জ্বালানোকে দেখা হয়। তাই এই দিনে নিয়ম মেনে প্রদীপ জ্বালানোই সৌভাগ্য ও শান্তি বৃদ্ধির পথ বলে মনে করা হয়।



