সুদীপের ১৪৬-এ ভরসা, সামি-মুকেশের আগুনে বোলিং—রঞ্জির সেমিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এগিয়ে বাংলা

রঞ্জি ট্রফির সেমিফাইনালে সুদীপ ঘরামির ১৪৬ রানে ভর করে ৩২৮ তুলল বাংলা, জবাবে সামি-মুকেশের তোপে ১৯৮-৫ স্কোরে চাপে জম্মু ও কাশ্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রঞ্জি ট্রফির সেমিফাইনালে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচের দখল নিতে শুরু করেছে বাংলা। সুদীপ কুমার ঘরামির দুরন্ত সেঞ্চুরি আর মহম্মদ সামি ও মুকেশ কুমারের তোপের সামনে দ্বিতীয় দিনের শেষে চাপে জম্মু ও কাশ্মীর। প্রথম ইনিংসে বাংলার ৩২৮ রানের জবাবে ৫ উইকেটে ১৯৮ রান তুলে দিন শেষ করেছে প্রতিপক্ষ, এখনও ১৩০ রানে পিছিয়ে তারা।

দ্বিতীয় দিনের শুরুতে ২৪৯-৫ স্কোর নিয়ে খেলতে নামে বাংলা। প্রথম দিনের শেষে ১৩৬ রানে অপরাজিত থাকা সুদীপ কুমার ঘরামি এদিন আরও ১০ রান যোগ করে ১৪৬ রানে আউট হন। ২৪৬ বলে খেলা তাঁর ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও একটি ছক্কা। শাকির হাবিব গান্ধী মাত্র ৪ রান করে ফিরলেও লোয়ার অর্ডারে সুমন্ত গুপ্তর ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে শেষ পর্যন্ত ৩২৮ রানে পৌঁছয় বাংলা।

বল হাতে শুরু থেকেই জম্মু ও কাশ্মীরকে চাপে ফেলে বাংলার দুই পেসার সামি ও মুকেশ। ওপেনার শুভম খাজুরিয়া মাত্র ৩ রানে সামির শিকার হন। আর এক ওপেনার ইয়াওয়ের হাসানকে ২ রানে এলবিডব্লিউ করেন তিনিই। তিন নম্বরে নামা শুভম সিংকেও ফিরিয়ে দেন মুকেশ কুমার। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জম্মু-কাশ্মীর।

সেখান থেকে ইনিংস সামলানোর চেষ্টা করেন পরশ ডোগরা ও আব্দুল সামাদ। দু’জনে মিলে ১৪২ রানের জুটি গড়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। এই জুটি ভাঙেন সামি। ৮৫ বলে ৮২ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন সামাদ। পরের ওভারেই মুকেশ কুমারের বলে ১১২ বলে ৫৮ রান করে ফেরেন ডোগরা।

দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের স্কোর ৫ উইকেটে ১৯৮। ক্রিজে রয়েছেন কানহাইয়া ও আবিদ। তৃতীয় দিনের শুরুতেই দ্রুত বাকি উইকেট তুলে লিড নেওয়াই এখন বাংলার লক্ষ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন