মুর্শিদাবাদের বেলডাঙায় টানা দু’দিনের অশান্তির ঘটনায় বড়সড় মোড়। উসকানি, ভাঙচুর ও জনতাকে ক্ষেপিয়ে তোলার অভিযোগে গ্রেপ্তার হলেন All India Majlis-e-Ittehadul Muslimeen (মিম)-এর স্থানীয় নেতা মতিউর রহমান। পুলিশ সূত্রে দাবি, শনিবারের হিংসার অন্যতম মূলচক্রী তিনিই। একাধিক ভিডিও ফুটেজের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিমের বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমানকে শনিবার গভীর রাতে বডুয়া মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর এবং সরাসরি উসকানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, অশান্তির সময় নিজে উপস্থিত থেকে ভাঙচুর ও হামলায় নেতৃত্ব দিচ্ছেন মতিউর।
শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন চলাচল বন্ধ, ব্যাপক ভাঙচুরের পাশাপাশি সাংবাদিকদের মারধরের অভিযোগও ওঠে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কড়া অবস্থান নেয় পুলিশ। পথে নেমে নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যাঁরা অশান্তি ছড়িয়েছে, তাঁদের কাউকেই ছাড়া হবে না। সিসিটিভি ও ভিডিও দেখে সবাইকে শনাক্ত করা হবে।”
এর পরই দ্রুত গ্রেপ্তার করা হয় মতিউর রহমানকে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
রবিবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শিয়ালদহ-লালগোলা শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবক খুন হওয়ার ঘটনার প্রতিবাদে ক্ষোভ ছড়ায় এলাকায়। সেই ক্ষোভই দ্রুত হিংসাত্মক রূপ নেয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্তে উঠে আসছে রাজনৈতিক উসকানির তত্ত্বও। সেই সূত্র ধরেই এবার গ্রেপ্তার ওয়েসির দলের স্থানীয় নেতা।



