ভারতীয় ক্রিকেটে বড় নীতিগত বদল আনল বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তির কাঠামোই পাল্টে দিয়ে তুলে দেওয়া হল সর্বোচ্চ A+ গ্রেড। সেই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ল দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মার উপর—এ বার তাঁরা নেমে এলেন B গ্রেডে। নতুন তালিকা স্পষ্ট করে দিচ্ছে, বোর্ড এখন খেলোয়াড়দের বর্তমান ফর্ম্যাট-ভিত্তিক ভূমিকার উপরই বেশি জোর দিচ্ছে।
২০২৫–২৬ মরশুমের জন্য বিসিসিআই মোট ৩০ জন ক্রিকেটারকে তিনটি গ্রেড—A, B ও C-তে কেন্দ্রীয় চুক্তি দিয়েছে। গত মরশুমে এই সংখ্যা ছিল ৩৪। একই সঙ্গে আগের A+ গ্রেড পুরোপুরি বাতিল করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত মরশুমে A+ গ্রেডে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এ বার তাঁদের B গ্রেডে রাখা হয়েছে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও রয়েছেন একই গ্রেডে।
A গ্রেডে কারা?
এ বার সর্বোচ্চ A গ্রেডে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার—টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুবমান গিল, তারকা পেসার জশপ্রীত বুমরা এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। গিল ও বুমরা তিন ফরম্যাটেই খেলেন, আর জাডেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন টেস্ট ও একদিনের ক্রিকেটেই মন দিচ্ছেন।
B গ্রেডের তালিকা
এই গ্রেডে মোট ১১ জন ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর।
C গ্রেডে কারা?
উদীয়মান ও তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে C গ্রেড। এখানে রয়েছেন মোট ১৬ জন। তালিকায় আছেন অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই এবং ঋতুরাজ গায়কোয়াড়।
চুক্তি পেলেন না যাঁরা
এই মরশুমে মহম্মদ শামি, ঈশান কিশান, রজত পাতিদার ও সরফরাজ খান কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পাননি।
বিসিসিআইয়ের এই নতুন কাঠামো স্পষ্ট বার্তা দিচ্ছে—এ বার থেকে নামের জোর নয়, বরং কোন ফরম্যাটে কতটা সক্রিয়, সেটাই নির্ধারণ করবে ক্রিকেটারদের গ্রেড।



