নজরবন্দি ব্যুরোঃ আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। অথচ আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসাবে মানতে নারাজ বাংলা পক্ষ। তাঁদের দাবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন অর্থাৎ ২৬শে সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হোক। এই দাবি নিয়ে আজ প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করে বাংলা পক্ষ। সেখানে এই দাবি নিয়ে সোচ্চার হন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ সংগঠনের প্রথম সারির একাধিক নেতা।
আরও পড়ুনঃ কেন মিশন চন্দ্রযান এত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য? চাঁদে মানুষ পাঠানো সময়ের অপেক্ষা!


কেন বাংলা পক্ষ ৫ ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে না মেনে ২৬ শে সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করার দাবি জানাচ্ছে? বাংলা পক্ষের দাবি, “যে ‘ইন্ডিয়ান ফিলোজফি’ গ্রন্থের জন্য সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিখ্যাত, সেখানে বিশ্লেষণের সবচেয়ে ক্ষুরধার অংশগুলো হুবহু টোকা বাঙালি গবেষক ছাত্র (পরে অধ্যাপক) যদুনাথ সিংহের থেকে। ১৯১৭ সালে যদুনাথ এমএ পাশ করার পর তার গবেষণা পত্রের প্রথম খন্ড ও দ্বিতীয় খন্ড কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমা করেন। সেখান থেকেই চুরি করে সেই গবেষণা রাধাকৃষ্ণণ ১৯২৭ সালে লন্ডন থেকে নিজের নামে প্রকাশ করেন। এহেন অসৎ ও শিক্ষকতার নামে কলঙ্ক গোছের ব্যক্তি রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা বাঙালি জাতির জন্য এক জাতীয় লজ্জা ও গ্লানির কারণ।”

তাই বাংলা পক্ষ স্পষ্ট ঘোষণা করছে, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা উচিৎ। যিনি আমাদের বর্ণ, যিনি আমাদের পরিচয়, যিনি আমাদের বর্ণপরিচয় দিয়েছেন, যিনি আমাদের কুসংস্কারমুক্ত বৈজ্ঞানিক শিক্ষার দিকে নিয়ে গেছেন, যিনি আমাদের নারী সমাজকে মুক্ত করেছেন জ্ঞানের দুনিয়ায়, যিনি বিধবা নারীদের বিরুদ্ধে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যুক্তি তর্ক ও পুঁথিকে ভিত্তি করে লড়েছেন, বাঙালি জাতির সেই মহান শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনই আমাদের জাতীয় শিক্ষক দিবস।”



বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২৬ শে সেপ্টেম্বর অর্থাৎ বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার যে দাবি, তাতে নাকি সমর্থন রয়েছে নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, পবিত্র সরকার, রুপম ইসলাম, তপোধীর ভট্টাচার্য, জয় গোস্বামী সহ অনেক খ্যাতনামা শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের।
রাধাকৃষ্ণন নয়, বিদ্যাসাগরের জন্মদিনে শিক্ষক দিবস পালনের দাবি বাংলা পক্ষের
একই সঙ্গে আগামী ২৬শে সেপ্টেম্বর বাংলার প্রতিটা প্রান্তে সাড়ম্বরে শিক্ষক দিবস পালন করবে বাংলা পক্ষ। প্রতি জেলা থেকে একজন বিশিষ্ট শিক্ষকে শিক্ষায় অনন্য ভূমিকার জন্য ‘বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা’-য় ভূষিত করা হবে।








