নজরবন্দি ব্যুরোঃ টানা বর্ষণে ভাসছে গোটা বাংলা। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সবং-এ। আর সেই কারণে কলকাতায় CBI দপ্তরে হাজিরা দিতে আসতে পারেন নি মানস ভুঁইয়া। কিন্তু তাতে কি জল ভেঙ্গে তাঁর দুয়ারে পৌঁছে প্রায় ২ ঘন্টা জেরা করল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গেই এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। জনসাধারণের অনুষ্ঠানে গিয়েছিলেন তবে যুক্ত হননি বলে জানিয়েছেন মানস। এই জনসাধারনের অনুষ্ঠানই হল চিটফান্ড আইকোরের অনুষ্ঠান।
আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রা নিয়ে বিপাকে বিপ্লব, সরকারের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের।
ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ হিসেবে জানানো হয়েছিল আইকোর এর একটি অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে মানস বাবুর বক্তব্য রাখার ভিডিও এসেছে আধিকারিকদের হাতে। ওই সংস্থার সঙ্গে বিধায়কের কোন আর্থিক লেনদেন আছে কিনা তা খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা। তার জেরেই গত ১৯ সেপ্টেম্বর তাঁকে নোটিস পাঠিয়ে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়।
এদিকে আজ সকালে তৃণমূল বিধায়ক জানিয়েদেন টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সবং-এ। জন প্রতিনিধি হিসেবে সেখানে থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। সেই কারণে সিবিআই দফতরে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু তিনি আসতে না পারলে কি হবে সিবিআই ঠিকই পৌঁছে গেল তাঁর কাছে! এদিন খাদ্য ভবনে পৌঁছে কেন্দ্রীয় তদন্তকারী দল তাঁকে প্রায় ২ ঘন্টা জেরা করে। কিন্তু কি হল সেই জেরায়?
জনসাধারণের অনুষ্ঠানে গিয়েছিলেন তবে যুক্ত হননি, চিটফান্ড কান্ডে মন্তব্য মানসের!
সিবিআই এর তরফে কিছু জানা না গেলেও মুখ খুলেছেন সবং-এর বিধায়ক। তিনি বলেন ”আজ থেকে প্রায় ১০-১২ বছর আগের ঘটনা। তার পরিপ্রেক্ষিত কী ছিল, প্রেক্ষাপট কী ছিল, তা এখন মনে নেই। ওঁরা যা প্রশ্ন করেছেন, আমি সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছি। আমি বলেছি, তাদের অনুসন্ধানে আমি সাহায্য করব। আমি ১ বছর ১৩ দিনের জন্য মন্ত্রী ছিলাম। তখন আমার অফিসে একটি আমন্ত্রণ লিপি এসেছিল বলে আমার জানা আছে।”

এরপর মানসের দাবি, “আমন্ত্রন পেয়ে কিছুক্ষণের জন্য হয়ত গিয়েছিলাম। জনপ্রতিনিধি হিসেবে তো বিভিন্ন জায়গায় যেতে হয়। তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়। জনসাধারণের কোনও অনুষ্ঠানে যাওয়া মানে তাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, বা খারাপ কাজ করা এটা আমি বিশ্বাস করি না।”



