অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় স্পষ্টীকরণ করল রাজ্য সরকার। মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না— তা নিয়ে বিস্তারিত শর্ত প্রকাশ করেছে নারী ও শিশুকল্যাণ দপ্তর। সরকারি চাকরিজীবী ও আয়করদাতাদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।
মঙ্গলবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। একইভাবে আয়কর প্রদানকারী ব্যক্তিরাও এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারের বক্তব্য, প্রকল্পের লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সহায়তা এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন।


বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ১ জুন থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতিতে অর্থ পাঠানো হবে।
এর আগে সরকার জানিয়েছিল, নতুন এসআইআর তালিকায় নাম থাকা আবেদনকারীদের পাশাপাশি যাঁরা সিএএ বা ট্রাইবুনাল সংক্রান্ত প্রক্রিয়ায় আবেদন করেছেন, তাঁরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই যোজনার সুবিধা পেতে পারেন।
অন্নপূর্ণা যোজনায় আবেদন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে আবেদন ও স্টেটাস যাচাইয়ের জন্য সরকার নির্দিষ্ট পোর্টাল চালু করেছে। মঙ্গলবার থেকেই সেই পোর্টাল কার্যকর হয়েছে। তবে প্রথম দিনেই অনেক আবেদনকারী প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছেন বলে খবর।


প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন আবেদনগুলি সরাসরি অনুমোদন করা হবে না। প্রতিটি আবেদন যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিও এবং এসডিও স্তর থেকে জেলাশাসকের কাছে পাঠানো হবে। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুর আধিকারিকরা সেই দায়িত্ব পালন করবেন। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত তালিকা পোর্টালে প্রকাশ করা হবে।
অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের লক্ষ্য স্পষ্ট— নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে বাস্তবে কত দ্রুত আবেদন যাচাই এবং টাকা পৌঁছনোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেদিকেই এখন নজর উপভোক্তাদের।











