বিধানসভা ভোটের আগে বাংলায় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভার প্রস্তুতির মাঝেই এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের ঝটিকা সফরে নদিয়ার মায়াপুরে ইসকনের মন্দিরে যোগ দেবেন তিনি—যা রাজনৈতিক মহলে নতুন বার্তার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
বিজেপি ইতিমধ্যেই বাংলার বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখছে। জয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের ঘনঘন বঙ্গ সফরও সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করেছেন। তার কিছুদিন পরই দলীয় কর্মসূচিতে এসে বারাকপুর ও শিলিগুড়িতে জনসভা করেন অমিত শাহ। এবার ফের রাজ্যে পা রাখতে চলেছেন তিনি।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি একদিনের সফরে বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন নদিয়ার মায়াপুরে ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মোৎসবের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রাথমিক সূচি অনুযায়ী, ওই দিন দুপুর প্রায় ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তিনি সরাসরি মায়াপুরে পৌঁছবেন। অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন তিনি। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পদ্মভবনেও যাওয়ার কথা রয়েছে।
ভোটের আগে ধর্মীয় মঞ্চে কেন্দ্রীয় নেতার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির কৌশলের অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে বলে মত পর্যবেক্ষকদের।











