একজন মহিলার যন্ত্রণা বোঝেন মমতাদিদি, আরজি কর ইস্যুতে তৃণমূলনেত্রীর পাশে অখিলেশ

আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আর শুধু রাজ্য কেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আর শুধু রাজ্য কেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা। এমনকি আজ দেশ জুড়ে ২৪ ঘন্টা ধর্মঘট ডাকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এবার আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছে কংগ্রেস। কার্যত তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় দাঁড় করান দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে অখিলেশ যাদব কিন্তু এক্ষেত্রে উল্টো পথে হাঁটলেন। তিনি সাফ বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। ফলে তিনি খুব ভালো করে মহিলাদের যন্ত্রণা বোঝেন। বাংলার সরকার এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নিয়েছে। মমতাদিদি নিজে সিবিআই তদন্ত চেয়েছিলেন। সিবিআই এখন তদন্ত করছে। বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আমার মনে হয় এরকম একটা সংবেদনশীল ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।”

গত শুক্রবার আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। তবে, কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মুহূর্তে তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। নতুন করে কাউকে গ্রেফতার না করা হলেও ব্যাপক তৎপরতার সঙ্গে তদন্ত করছেন গোয়েন্দারা।

আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছে বিজেপি ও সিপিআইএম। রাজ্য কংগ্রেসের দাবিও এক। প্রায় প্রতিদিনই রাজ্যের নানান প্রান্তে বিশেষ করে কলকাতায় মিছিল করছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা থেকে শুরু করে নাগরিক সমাজ। টানা সাতদিন ধরে আরজি কর হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসে আছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। সব মিলিয়ে, এই ঘটনা নিয়ে যখন প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তৃণমূল সরকারের সেখানে কিছুটা ‘ভরসা’ দিলেন অখিলেশ যাদব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন