৫,৫০০ কোটির বিদ্যুৎ বকেয়া, না মেটালে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি! ইউনুস সরকারকে চিঠি আদানির

বিদ্যুৎ বাবদ ৫৭ কোটিরও বেশি ডলার বকেয়া। দ্রুত টাকা না মেটালে সরবরাহ ব্যাহত হতে পারে বলে পিডিবিকে চিঠি আদানি পাওয়ারের, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি ঘিরে নতুন চাপ তৈরি হল অন্তর্বর্তী সরকারের উপর। আদানি গোষ্ঠীর দাবি, বিদ্যুতের বকেয়া সাড়ে পাঁচ হাজার কোটি টাকায় পৌঁছেছে। দ্রুত সেই টাকা না মেটালে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে—এমনই স্পষ্ট বার্তা দিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি পাঠিয়েছে আদানি পাওয়ার।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জানুয়ারি আদানি পাওয়ার লিমিটেডের তরফে পিডিবিকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়েছে, মোট বকেয়া দাঁড়িয়েছে ৫৭ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার সমান। এর মধ্যে ৩০ কোটি ডলারের বকেয়া নিয়ে পিডিবির সঙ্গে কোনও বিরোধ নেই বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, শেখ হাসিনা সরকারের আমলে এই বকেয়া প্রায় ৭০ কোটি ডলারে পৌঁছে গিয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু বকেয়া মেটানো হয়। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধও করা হয়েছিল। কিন্তু গত দু’মাস ধরে আবার বিল মেটানো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।

আদানি গোষ্ঠী জানিয়েছে, মোট বকেয়ার মধ্যে অন্তত ১১ কোটি ২৭ লক্ষ ডলার দ্রুত পরিশোধ করতে বলা হয়েছে। তাদের দাবি, বকেয়া বাড়তে থাকায় বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে কয়লা আমদানি ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজে প্রভাব পড়ছে।

এদিকে পিডিবির চেয়ারম্যান মহম্মদ রেজাউল করিম জানিয়েছেন, রাজস্ব আদায় কমে যাওয়ায় বিল মেটানোর পরিমাণ কমেছে। তবে পরিস্থিতি সামাল দিতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং মার্চ মাস থেকে পরিশোধের পরিমাণ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন