সমালোচনার জবাব ফাইনালের মঞ্চে! ১৮ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা। সমালোচনার জবাব দিয়ে গড়লেন টুর্নামেন্টের দ্রুততম ফিফটির রেকর্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফাইনালের আগে সমালোচনায় বিদ্ধ ছিলেন তিনি। দলে জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় মঞ্চেই নিজের ব্যাট দিয়ে সব উত্তর দিলেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে মাত্র ১৮ বলে অর্ধশতরান করে শুধু ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেননি, গড়ে ফেলেছেন নতুন বিশ্বরেকর্ডও। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর ঝোড়ো ইনিংস ভারতের বিশ্বকাপ জয়ের ভিত গড়ে দেয়।

চলতি টুর্নামেন্টে অভিষেক শর্মার পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। তবে ভারতের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর উপর আস্থা রাখেন। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেই আস্থারই মর্যাদা রাখলেন তরুণ এই ওপেনার।

Shamim Ahamed Ads

ফাইনালের শুরুতে কিছুটা সময় নিয়ে নিজের ছন্দ খুঁজে নেন অভিষেক। প্রথম দিকে স্ট্রাইকও খুব একটা নেননি। কিন্তু একবার ছন্দ পেয়ে যাওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। জ্যাকব ডাফির বিরুদ্ধে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন আক্রমণ। এরপর লকি ফার্গুসনকেও দারুণভাবে আক্রমণ করেন।

অন্য প্রান্তে সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বেঁধে পাওয়ারপ্লেতেই ভারতের স্কোর ৯২ রানে পৌঁছে দেন তাঁরা। আর সেই ঝড়ের মধ্যেই মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক।

এই ইনিংসের মাধ্যমে তিনি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েন। এর আগে এই টুর্নামেন্টে ১৯ বলে অর্ধশতরান করেছিলেন শ্রীলঙ্কার দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম, ওয়েস্ট ইন্ডিজ়ের শিমরন হেটমায়ার, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং ইংল্যান্ডের জ্যাকব বেথেল। ভারতের হয়ে ঈশান কিষান নামিবিয়ার বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান করেছিলেন।

শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসেও দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে যান অভিষেক। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের দখলে। ২০২৪ সালের ফাইনালে তিনি ভারতের বিরুদ্ধে ২৩ বলে অর্ধশতরান করেছিলেন।

যদিও টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড এখনও রয়েছে যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড অবশ্য ভাঙতে পারেননি অভিষেক।

অবশেষে ২১ বলে ৫২ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছক্কা। অষ্টম ওভারের প্রথম বলে রাচিন রবীন্দ্র তাঁকে সাজঘরে ফেরান।

তবে ততক্ষণে নিজের কাজটা করে ফেলেছিলেন অভিষেক— ভারতের ইনিংসকে দুরন্ত শুরু এনে দিয়ে ফাইনালের মঞ্চে সমালোচকদের জবাব দিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত