স্বপ্নপূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল এক বড় বাধা। ইন্ডিয়ান আইডলের টপ–১০-এ থাকা বাংলার মেয়ে অঙ্কিতা প্রধানের সামনে আচমকাই দেখা দিয়েছিল পাসপোর্ট সমস্যার মতো গুরুতর জট। হাতে সময় মাত্র তিনদিন, না হলে প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা। ঠিক সেই সময়েই সাহায্যের হাত বাড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—এমনটাই দাবি অঙ্কিতার অনুরাগীদের।
পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা অঙ্কিতা প্রধান জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে জায়গা করে নিয়েছেন সেরা দশে। বর্তমানে তিনিই এই তালিকায় থাকা একমাত্র বাঙালি প্রতিযোগী। এতদিন শুটিং চলছিল মুম্বইয়ে, তবে টপ–১০ পর্বের শুটিং হওয়ার কথা দুবাইয়ে।


সেখানেই তৈরি হয় সমস্যা। অঙ্কিতা নাবালিকা হওয়ায় একা বিদেশ ভ্রমণের অনুমতি পাননি। ফলে তাঁর মায়ের সঙ্গেই দুবাই যেতে হতো। মা–মেয়ে দু’জনেই পাসপোর্টের জন্য আবেদন করেন। অঙ্কিতার পাসপোর্ট এলেও, তাঁর মায়ের পাসপোর্ট সময়মতো না আসায় বিপাকে পড়ে পরিবার।
চ্যানেলের তরফে জানানো হয়, তিনদিনের মধ্যে দু’জনের পাসপোর্ট জমা দিতে হবে, নইলে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হতে পারে। এই অবস্থায় অঙ্কিতার পরিবার যোগাযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে।
সূত্রের খবর, বিষয়টি জানার পরই তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন অভিষেক। তাঁর উদ্যোগেই দ্রুত পাসপোর্টের জট কেটে যায় এবং অঙ্কিতার মা পাসপোর্ট হাতে পান।


ফলে আর কোনও বাধা রইল না অঙ্কিতার স্বপ্নযাত্রায়। মা–মেয়ে দু’জনেই এখন দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অপেক্ষা, আন্তর্জাতিক মঞ্চে অঙ্কিতার পারফরম্যান্সের।








