নজরবন্দি ব্যুরো: একদিকে উত্তরবঙ্গে প্রচার করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নির্বাচনী সভা করলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বাদকুল্লায়। আজকের সভা থেকে বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেতা। এমনকি তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘দিল্লি চলো’ ডাক দিলেন।
আরও পড়ুন: ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!
প্রসঙ্গত, কৃষ্ণগঞ্জ বিধানসভা এখন আর তৃণমূলের দখলে নেই। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হবার পর ২০১৯ সালের উপনির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জে বিজেপির আশীষ কুমার বিশ্বাস জয়লাভ করেছেন। তাই কৃষ্ণগঞ্জ বিধানসভার পঞ্চায়েত আসনগুলিকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে শাসক দল। আজকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। বহিরাগত নেতাদের চোখে দেখতে পাওয়া যায় না। ‘আচ্ছে দিনে’র গল্প বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায় বিজেপি। অথচ মানুষের টাকা নিয়ে বিদেশে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদি, মেহুল চোকসিরা”।

অভিষেক আরও বলেন, “তৃণমূল কথা দিয়ে কথা রাখে। বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। দল-মত নির্বিশেষে সবার কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে তৃণমূল”। মানুষের কাছে যুবনেতা আর্জি করেন, “কানে শুনে নয়, নিজের অভিজ্ঞতার নিরিখে ভোট দিন। তৃণমূল কথা দিয়ে কথা রাখে। বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। দল-মত নির্বিশেষে সবার কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে তৃণমূল”।

বিজেপিকে সমালোচনা করে অভিষেক বলেন, “বিজেপি মানুষকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে। তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিই। বিজেপিতে যারা দুর্নীতি করে তাঁদের বড় বড় পদ দেওয়া হয়”।

পঞ্চায়েত ভোটে সাফল্যের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ৫১দিন ব্যাপী ‘নবজোয়ার’ যাত্রা করেন। যেখানে যুব নেতা হাঁটেন প্রায় ১৪ হাজার কিলোমিটার। সম্প্রতি পাটনায় বিরোধী দলের বৈঠকেও অংশ নিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। এবার আবারও পঞ্চায়েতের ময়দানে অবতীর্ণ তিনি। এখন আগামী মাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবার কথা। গ্রামোন্নয়ন প্রতিনিধিদের সু-নির্বাচনে শেষ হাসি কে হাসবে তা অবশ্য সময় বলবে।
নদীয়ায় নির্বাচনী প্রচারে অভিষেক, ডাক দিলেন ‘দিল্লি চলো’




