10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 9:03 অপরাহ্ন
23 C
Kolkata

বাজেটে ‘বাংলা-বঞ্চনা’ ইস্যুতে সংসদে তীব্র আক্রমণ? আজ লোকসভায় অভিষেকের বক্তব্যে আসবে SIR প্রসঙ্গ?

কেন্দ্রীয় বাজেটে বাংলা বঞ্চনার অভিযোগে আজ লোকসভায় আক্রমণাত্মক হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR, নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের প্রসঙ্গও উঠতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত সপ্তাহের টানা অচলাবস্থা কাটিয়ে আজ, সোমবার কি ফের স্বাভাবিক হবে লোকসভা? বাজেট বিতর্কের মঞ্চে সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজই। সংসদীয় সূত্রের খবর, কেন্দ্রীয় বাজেটে বাংলাকে ধারাবাহিক ভাবে বঞ্চনার অভিযোগ তুলে লোকসভায় বিজেপি ও মোদী সরকারকে তীব্র আক্রমণ করতে পারেন তৃণমূলের দলনেতা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শিবিরের দাবি, আজ বাজেট আলোচনায় দলের প্রথম বক্তা হিসেবেই অভিষেকের নাম উঠে আসতে পারে।

শুধু বাজেট নয়, বাংলার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়েও সংসদে সরব হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ বলে আক্রমণ শানাতে পারে তৃণমূল। ফলে বাজেট বিতর্কের সঙ্গে সঙ্গে আজকের অধিবেশন ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংসদীয় মহল।

বাজেটে বাংলার বঞ্চনার পরিসংখ্যান

১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন থেকেই তৃণমূল অভিযোগ করে আসছে, কেন্দ্রীয় বাজেটে ফের উপেক্ষিত বাংলা। দলীয় সূত্রের খবর, অভিষেক তাঁর বক্তৃতায় সরকারি পরিসংখ্যান তুলে ধরে দেখাতে পারেন—কী ভাবে ভারতীয় জনতা পার্টি-শাসিত রাজ্যগুলিতে অতিরিক্ত বরাদ্দ হয়েছে এবং একের পর এক কেন্দ্রীয় প্রকল্প ঘোষিত হয়েছে, অথচ বাংলার প্রাপ্য আটকে রাখা হয়েছে।
তৃণমূলের দাবি, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার কাছে কেন্দ্রের বকেয়া প্রায় ২ লক্ষ কোটি টাকা। বারবার দাবি জানানো সত্ত্বেও এই অর্থ দেওয়া হয়নি—এই অভিযোগই আজ লোকসভায় জোরালো ভাবে তুলে ধরতে পারেন অভিষেক।

SIR বিতর্ক ও নির্বাচন কমিশনের ভূমিকা

বাজেটের পাশাপাশি বাংলায় SIR চালু হওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলবে তৃণমূল। দলের বক্তব্য, এই প্রক্রিয়ার জেরে রাজ্যে ইতিমধ্যেই ১৪০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষকে নামের বানান বা তথ্যগত সমস্যার কারণে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ তালিকায় ফেলা হয়েছে।
এমনকি ভিন রাজ্য থেকে ৮,৩০০ মাইক্রো অবজারভার এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও কমিশন ব্যর্থ হয়েছে—এই অভিযোগও উঠে আসতে পারে সংসদে।

সুপ্রিম কোর্টের প্রসঙ্গও বক্তৃতায়

গত ৪ ফেব্রুয়ারি স্বয়ং মমতা বন্দোপাধ্যায় সশরীরে হাজির হয়ে সুপ্রিম কোর্ট-এ SIR সংক্রান্ত পরিস্থিতি তুলে ধরেন। আজই সেই মামলার শুনানি রয়েছে। তৃণমূল সূত্রের দাবি, বাংলার গণতন্ত্র রক্ষায় মুখ্যমন্ত্রীর আর্জি এবং প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে হওয়া শুনানির প্রসঙ্গও অভিষেক তাঁর বক্তৃতায় উল্লেখ করতে পারেন।
বাজেট বিতর্কে তৃণমূলের দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখতে পারেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সংসদে ফের উত্তাপের আশঙ্কা

অন্য দিকে, বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের বইয়ের প্রসঙ্গ টেনে মোদী সরকারকে ফের আক্রমণ করতে পারেন বলেও সূত্রের খবর। এই ইস্যুতেই গত সপ্তাহে লোকসভা কার্যত অচল হয়ে পড়েছিল।
বিরোধীদের অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। পাল্টা সরকার পক্ষের দাবি, যে বই এখনও প্রকাশিত হয়নি, সংসদীয় বিধি অনুযায়ী তার উল্লেখ করা যায় না। এই টানাপড়েনের মধ্যেই রাষ্ট্রপতির ভাষণের উপর প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপনও আটকে গিয়েছিল।

সব মিলিয়ে, বাজেট বিতর্কের প্রথম দিনেই সংসদের উত্তাপ ফের বাড়তে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading