উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি, মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান! বড় ঘোষণা তাশখন্দে

তাশখন্দে মোদী-মিরজিয়য়েভ বৈঠকের পর দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহের ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত। সম্পর্ক উন্নীত ‘Comprehensive Strategic Partnership’-এ, মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উজবেকিস্তান সফরে বড় কূটনৈতিক সাফল্য ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে উজবেক প্রেসিডেন্ট শভকত মিরজিয়য়েভের (Shavkat Mirziyoyev) বৈঠকের পর দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহের ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে ‘Comprehensive Strategic Partnership’-এ উন্নীত করা হয়েছে। এর পাশাপাশি উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অলি দারাঝালি দুস্তলিক’ (Oliy Darajali Do‘stlik) দেওয়া হয়েছে মোদিকে।

তাশখন্দে দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদী জানান, ভারত ও উজবেকিস্তান ইউরেনিয়াম সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা তৈরি করবে। ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য জ্বালানি সরবরাহের উৎস আরও বৈচিত্র্যময় করার ক্ষেত্রে এই সমঝোতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইউরেনিয়ামের পাশাপাশি একাধিক ক্ষেত্রেই সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুই দেশ তিনটি ‘সিস্টার সিটি’ ও ‘সিস্টার স্টেট’ চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে। শুধু চুক্তি স্বাক্ষরেই যাতে সম্পর্ক আটকে না থাকে, তার জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির উপর জোর দিয়েছেন মোদী।

নগর উন্নয়নও আলোচনায় বিশেষ জায়গা পেয়েছে। উজবেকিস্তান বর্তমানে ‘নিউ তাশখন্দ’ নামে নতুন একটি শহর গড়ে তুলছে। এই প্রকল্পে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে গুজরাটের ‘গিফট সিটি’ (GIFT City)-র উদাহরণ তুলে ধরেছেন মোদী। প্রকল্পটির পরিকল্পনা, প্রযুক্তি এবং বাস্তবায়নের অভিজ্ঞতা সরাসরি জানতে উজবেক প্রতিনিধিদলকে ভারতে আসার প্রস্তাবও দিয়েছেন তিনি।

বৈঠকে ভারত-উজবেকিস্তান অর্থনৈতিক সম্পর্ক নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মিরজিয়য়েভ ভারতকে ‘নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গত বছর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রথমবারের মতো ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে। পাশাপাশি ভারত-উজবেকিস্তান যৌথ উদ্যোগের সংখ্যাও আগের তুলনায় সাত গুণ বেড়েছে।

দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত কাঠামো দেওয়ার সিদ্ধান্তও এই সফরের অন্যতম বড় দিক। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল সংযোগ-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘Comprehensive Strategic Partnership’-এর পথে এগিয়েছে ভারত ও উজবেকিস্তান।

এরই মধ্যে মোদীর জন্য এসেছে বিশেষ রাষ্ট্রীয় সম্মান। তাশখন্দের কুকসারয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট মিরজিয়য়েভ তাঁকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘অলি দারাঝালি দুস্তলিক’ প্রদান করেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে মোদীর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে।

সম্মান গ্রহণের পর মোদী জানান, উজবেকিস্তানের সর্বোচ্চ পুরস্কার পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের। ‘দুস্তলিক’ শব্দের অর্থ বন্ধুত্ব—এই শব্দের মধ্যেই ভারত ও উজবেকিস্তানের সম্পর্কের মূল সুর ফুটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। পুরস্কারটি ব্যক্তিগত সম্মান নয়, ভারত-উজবেকিস্তানের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অভিন্ন ঐতিহ্যের প্রতি সম্মান হিসেবে গ্রহণ করছেন বলে জানান প্রধানমন্ত্রী।

এই সফরের শেষে মোদীর পরবর্তী গন্তব্য কিরগিজস্তান। সেখানে ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে মধ্য এশিয়ায় ভারতের কূটনৈতিক সক্রিয়তার ক্ষেত্রেও এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন