বিকেলের পরেই বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল থেকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা। উত্তাল বঙ্গোপসাগরের কারণে ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর আশঙ্কা। শুক্রবার দুপুরের পর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তাল বঙ্গোপসাগরের কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর পেরিয়ে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে উঠেছে।

সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দ্রুত বাড়বে বলে জানানো হয়েছে।

বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার তীব্রতা তুলনামূলকভাবে কমবে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে এবং দাবদাহ পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গেও আজ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে স্বল্প সময়ের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে এবং তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

রবিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে ঝড়-বৃষ্টির দাপট কমবে। তাই আজ বিকেল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন