ইরান যুদ্ধের আঁচ এবার পাম্পে! আশঙ্কা সত্যি করে এক ধাক্কায় বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আমেরিকা-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের সরবরাহে চাপ, তার প্রভাবেই শুক্রবার থেকে দেশজুড়ে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আমেরিকা-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অশান্তি তৈরি হতেই তার সরাসরি প্রভাব পড়ল ভারতের জ্বালানির বাজারে। শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় এক লাফে পেট্রোলের দাম বাড়ল ৩ টাকারও বেশি। নতুন দামে কার্যত চাপে সাধারণ মানুষ। যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কেন্দ্রের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে নতুন দাম। কলকাতায় এখন প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকায়। এর আগে এই দাম ছিল ১০৫.৪১ টাকা। অর্থাৎ একদিনে বেড়েছে ৩.২৯ টাকা। একইভাবে ডিজেলের দামও ৯২.০২ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার।

শুধু কলকাতাই নয়, দেশের চার মেট্রো শহরেই জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি হয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৭৭ টাকা, মুম্বইয়ে ১০৬.৬৮ টাকা এবং চেন্নাইয়ে ১০৩.৬৭ টাকা প্রতি লিটার। ডিজেলের ক্ষেত্রেও একই ছবি। দিল্লিতে ডিজেল বিকোচ্ছে ৯০.৬৭ টাকায়, মুম্বইয়ে ৯৩.১৪ টাকা এবং চেন্নাইয়ে ৯৫.২৫ টাকা প্রতি লিটার দরে।

দেশের চার মেট্রো শহরে পেট্রোলের নতুন দাম

  • দিল্লি – ৯৭.৭৭ টাকা (+৩.০০)
  • কলকাতা – ১০৮.৭৪ টাকা (+৩.২৯)
  • মুম্বই – ১০৬.৬৮ টাকা (+৩.১৪)
  • চেন্নাই – ১০৩.৬৭ টাকা (+২.৮৩)

দেশের চার মেট্রো শহরে ডিজেলের নতুন দাম

  • দিল্লি – ৯০.৬৭ টাকা (+৩.০০)
  • কলকাতা – ৯৫.১৩ টাকা (+৩.১১)
  • মুম্বই – ৯৩.১৪ টাকা (+৩.১১)
  • চেন্নাই – ৯৫.২৫ টাকা (+২.৮৬)

বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে আরও চাপ বাড়তে পারে জ্বালানির দামে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে, তাহলে পরিবহণ খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও তার প্রভাব পড়বে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবারও সেই বার্তা দেন তিনি। তার ঠিক পরের দিনই পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ায় বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন