গাড়ি চলবে ‘অ্যালকোহল’! ২৫% ইথানল মিশিয়ে গাড়ি চালানোর বড় পরিকল্পনা কেন্দ্রের

পেট্রোলে ইথানলের মাত্রা ২০% থেকে বাড়িয়ে ২৫% করার ভাবনা কেন্দ্রের। ক্রুড তেলের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানিতে জোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির আবহে বড় পদক্ষেপের পথে ভারত সরকার। পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র। বর্তমানে ২০ শতাংশ ইথানল ব্লেন্ডিং চালু থাকলেও, তা বাড়িয়ে ২৫ শতাংশ করার ভাবনা চলছে বলে সূত্রের খবর। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ক্রুড তেলের বাড়তি দামের চাপ সামাল দিতেই পুনর্নবীকরণযোগ্য জ্বালানির উপর জোর দিচ্ছে সরকার।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধাপে ধাপে পেট্রোলে ইথানলের পরিমাণ ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের লক্ষ্যে এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ইথানল মূলত আখ, ভুট্টা এবং অন্যান্য শস্য থেকে তৈরি এক ধরনের জৈব জ্বালানি। পেট্রোলের সঙ্গে এই ইথানল মিশিয়ে ব্যবহার করলে দূষণ তুলনামূলকভাবে কম হয়। সহজভাবে বলতে গেলে, এই ইথানল এক ধরনের অ্যালকোহল-ভিত্তিক জ্বালানি, যা গাড়ি চালাতে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা সংঘাত এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বেড়েছে। ভারত, যা এখনও বিপুল পরিমাণে আমদানি করা তেলের উপর নির্ভরশীল, সেই চাপ কমাতেই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে।

কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী, ২০ শতাংশ ইথানল ব্লেন্ডিং কার্যকর হওয়ার ফলে বছরে প্রায় ৪.৫ কোটি ব্যারেল ক্রুড তেল সাশ্রয় হচ্ছে ভারতে। ফলে আমদানি খরচ কমানোর পাশাপাশি পরিবেশ দূষণও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত একবারে কার্যকর করা হবে না বলেই জানা যাচ্ছে। কারণ এখনও বহু গাড়ি ও বাইক মালিকের মধ্যে ইথানল ব্লেন্ডিং নিয়ে সংশয় রয়েছে। অনেকের আশঙ্কা, অতিরিক্ত ইথানল ব্যবহারে পুরনো ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তাই ধাপে ধাপে এই পরিবর্তন আনার পথে হাঁটতে চাইছে কেন্দ্র।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি ইথানল-ভিত্তিক জ্বালানিও ভারতের জ্বালানি নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন