নজরবন্দি ব্যুরোঃ সোনার বাংলা গড়ার লক্ষ্যে ব্যাপক করোনা সংক্রমণেও জনসভা চালিয়ে যাবেন মোদী!জানানো হল রাজ্যের ঘোষিত কোন জনসভাই বাতিল হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে খবর সামাজিক দূরত্ববিধি মেনেই জনসভা হবে মোদীর! যদিও সেটা কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে কিছু বলা হয়নি। তবে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে জনসভার আয়োজন করতে হবে করোনা বিধি মাথায় রেখে।
আরও পড়ুনঃ হাতজোড় করে বলছি একদিনে ভোট করান, মানুষের জীবন নিয়ে খেলবেন নাঃ কমিশনকে মমতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সভা বাতিল না করলেও ইতিমধ্যেই রাজ্যের বাকি সব দলগুলোই বাড়বাড়ন্ত করোনা পরিস্থিতিতে সভার আয়তন ছোট বা বাতিল করে দিয়েছে। বামেরা সব বড় সভা বন্ধ করেছে। রাহুল গাঁধী বাতিল করেছেন রাজ্যের সব সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, কলকাতায় আর কোনও বড় সভা বা কর্মসূচি করবেন না। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। আজ কমিশন কে হাতজোড় করে অনুরোধ করেছেন বাকি দফার ভোট একদিনে করে দেওয়ার জন্যে।
সোনার বাংলা গড়ার লক্ষ্যে অবিচল, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এদিন প্রধানমন্ত্রীর সভা নিয়ে ট্যুইট করেন। তিনি লিখেছেন, “করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সভার রূপ বদল করতে হবে। সামাজিক দূরত্ব বিধিতে বিশেষ নজর দিতে হবে”।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির মুখ নরেন্দ্র মোদী মোট ১২ বার বাংলায় এসেছেন এখন পর্যন্ত। ১২ বারে মোট ১৮টি সমাবেশ করেছেন। জানা গিয়েছে, আগামী ২১ ও ২৪ এপ্রিল ৪টি সমাবেশ করবেন তিনি। বিজেপি সূত্রে খবর, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ২৪ এপ্রিল, শনিবার একই দিনে ৪টি সমাবেশ করবেন মোদী। মালদহের বিএড কলেজ ময়দান, মুর্শিদাবাদের নর্দার্ন পার্ক, কলকাতার ভবানীপুর এবং বীরভূমের সিউড়িতে। উল্লেখ্য, ৪টি সভার ক্ষেত্রেই সর্বত্র পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হবে। পাশাপাশি সভার আগে গোটা এলাকা স্যানিটাইজ করা হবে। মোদীর বক্তৃতা শুনতে আসা সকলের মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। বসার ব্যবস্থা করতে হবে দু-গজের দূরত্ব বিধি মেনে।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে গতকাল করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪৯ হাজার ৬৩৮ জন। ২৪ ঘন্টায় ২৮ টি মৃত্যু হয়েছে বাংলায়। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৬৮ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৫৩ জন। যা সংক্রমণের গতির অর্ধেকেরও কম।



